দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ১০৬ তম সায়েন্স কংগ্রেসে চাঞ্চল্যকর ঘোষণা করলেন এক বিজ্ঞানী। তাঁর মতে আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন, দু’জনেই ভুল। আগামী দিনে গ্র্যাভিটেশনাল পুলের নতুন নাম হবে নরেন্দ্র মোদী পুল। গ্রাভিটেশনাল লেনসিং এফেক্টের নাম হবে হর্ষবর্ধন এফেক্ট। কেন ওই দু’টি ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধনের নাম ব্যবহার করা হবে তার কারণ অবশ্য তিনি দেখাননি।
ওই বিজ্ঞানীর নাম কানন জগথালা কৃষ্ণান। তিনি সায়েন্স কংগ্রেসের ডেলিগেট ছিলেন। তাঁর দাবি, আধুনিক পদার্থবিদ্যা আর কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তার জায়গায় জন্ম নেবে নতুন পদার্থবিদ্যা। তার ভিত্তি হবে পর্যবেক্ষণ।
গতবছর সায়েন্স কংগ্রেসে একইরকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বয়ং হর্ষবর্ধন। তাঁর দাবি ছিল, মহাকাশবিজ্ঞানী স্টিফেন হকিং বলে গিয়েছেন, বেদের একটি তত্ত্ব আইনস্টাইনের তত্ত্বের চেয়েও উঁচুদরের।
তাঁর কথায়, আমরা কিছুদিন আগে এক বিখ্যাত বৈজ্ঞানিককে হারিয়েছি। তাঁর নাম স্টিফেন হকিং। তিনিও প্রকাশ্যে বলেছিলেন, বেদে এমন থিওরি থাকতে পারে যা আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার থিওরির চেয়ে উঁচুদরের। সাংবাদিকরা জানতে চান, কোথায় হকিং এমন মন্তব্য করেছেন? তিনি বলেন, সে আপনারাই খুঁজে বার করুন।
এবার কানন মন্তব্য করেছেন, এক্সপেরিমেন্টাল ফিজিক্সে কোনও ভুল নেই। ভুল আছে থিওরেটিক্যাল ফিজিক্সে। তা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। তার পরেই প্রতিষ্ঠিত হবে তাঁর নিজের তত্ত্ব। সেখানে নরেন্দ্র মোদী ও হর্ষবর্ধনের নাম শোভা পাবে। তখন হর্ষবর্ধন এ পি জে আবদুল কালামের চেয়েও জনপ্রিয় হয়ে উঠবেন।
অন্য প্রসঙ্গে তিনি দাবি করেন, হিগস বোসন নিয়েও বিজ্ঞানীদের ধ্যানধারণা তিনি বদলে দেবেন। তাকে আগামী দিনে আর গড পার্টিকল বলা হবে না। তিনি বিশ্বে প্রথম ইলেকট্রিসিটির সংজ্ঞা দেবেন। প্রমাণ করবেন ইলেকট্রিসিটি ও ম্যাগনেটিজমের মধ্যে কোনও ফারাক নেই।
কানন জানিয়েছেন, তিনি নিজে একজন রিসার্চ সায়েন্টিস্ট। তামিলনাড়ুতে ওয়ার্ল্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের সঙ্গে যুক্ত।