দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যান্য রাজ্যগুলির পথে হেঁটেই এবার স্কুল-কলেজ-কোচিং সেন্টার খোলার পথে দিল্লি সরকার। ধাপে ধাপে স্কুল খোলার পথেই হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার। সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে।
শুধু তাই নয়, খুলে যেতে পারে জিমও। ১০০ শতাংশ নিয়ে সোমবার থেকেই রাজধানীতে জিম চালু হতে পারে। অফিসেও ১০০ শতাংশ হাজিরা থাকার ছাড় দিতে চলেছে কেজরিওয়াল সরকার, বলে খবর।
পাশাপাশি, নাইট কার্ফুর ক্ষেত্রে এক ঘন্টা সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে নাইট কার্ফু বজায় থাকবে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে, গাড়ি চালানোর সময় মাস্ক পড়া বাধ্যতামূলক নয় রাজধানীতে, বলে সূত্রের খবর।
দিল্লির করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত দু'সপ্তাহে করোনা সংক্রমণ প্রায় ৫০ শতাংশ কমেছে। বেড়েছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শিথিলতার পথেই হাঁটতে চলেছে দিল্লি সরকার।