
শেষ আপডেট: 23 January 2024 23:28
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুলগুলি মনে করলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনগুলিতেই একাদশ শ্রেণির পরীক্ষাও নিতে পারবে। তবে এক্ষেত্রে দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণির পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
মঙ্গলবার এ ব্যাপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক বিবৃতি প্রকাশ করেছে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে ওই বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংসদ। সেখানে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর সংশ্লিষ্ট দিনের দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ।
এবারেই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এগিয়ে এনেছে সংসদ। বেলা ১২টার পরিবর্তে চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে সংসদের পক্ষ থেকে স্কুলগুলিকে জানানো হয়েছে, স্কুলগুলি চাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া যাবে।
পর্ষদের এমন বিজ্ঞপ্তিকে ঘিরে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের মধ্যে মতান্তর তৈরি হয়েছে। একাংশের মতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষারব জন্য স্কুলগুলিকে বিশেষ ব্যবস্থা করতে হয়। সময়ের অনেকক্ষণআগেই শিক্ষকদের স্কুলে আসতে হয়। একই দিনে একাদশের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে গেলে পুরো প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এখন দেখার সংসদের সঙ্গে স্কুলগুলি সহমত পোষণ করে কি না।