
বিক্ষোভ যৌথ মঞ্চের নেতার স্কুলে
শেষ আপডেট: 20 June 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সংগ্রামী যৌথ মঞ্চের তিনি একজন অন্যতম মুখ। এদিন তাঁর স্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলন করার জন্য স্যার নিয়মিত স্কুলে আসেন না। তাই ছেলে-মেয়েদের পড়াশোনা লাটে উঠেছে। তবে গ্রামবাসীদের এই বিক্ষোভকে তৃণমূলের চক্রান্ত বলেই মনে করছেন অভিযুক্ত শিক্ষক ভাস্কর ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুরের একটি স্কুলে উত্তেজনা ছড়ায়।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। দুর্গাপুর ফরিদপুরের ধবনি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। বৃহস্পতিবার ভাস্করবাবু স্কুলেই ছিলেন। স্কুল চলাকালীন কয়েকশ গ্রামবাসী প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলের সামনে জড়ো হন। গেটে তালা দিয়ে দেওয়ায় বিক্ষোভকারীরা ভিতরে ঢুকতে পারেননি। বাইরে গন্ডগোল হতে দেখে ক্লাস থেকে বেরিয়ে আসেন স্কুলের দুই শিক্ষিকা। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের বচসা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফরিদপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্কুলের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ৭০ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৩। এক বিক্ষোভকারী উত্তম কুমার হাজরার অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ। তাই স্কুলের পঠন-পাঠন শিকেয় উঠেছে। যদিও অভিযুক্ত শিক্ষক ভাস্কর ঘোষের দাবি, "বিক্ষোভকারীদের মধ্যে গ্রামের মানুষের থেকে বাইরের লোকজন বেশি ছিল। এই বিক্ষোভের পিছনে শাসকদলের হাত রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমাতে চাইছে ওঁরা। আমি আমার প্রাপ্য ছুটি নিয়ে আন্দোলনে সামিল হচ্ছি।"
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "লোকসভা নির্বাচনে তৃণমূল ভাল ফল করেছে সেজন্য ডিএ আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। বহিরাগতদের সঙ্গে নিয়ে শাসক দল সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে।" যদিও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা বাউরি জানান,"রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে এই ভাস্কর ঘোষ সেই জন্যই আমাদের এই বিক্ষোভ।"