
শেষ আপডেট: 12 February 2023 02:11
দ্য ওয়াল ব্যুরো: বাজি-পটাকায় ভয় রয়েছে কমবেশি অনেক মানুষেরই। কিন্তু পশুপাখিরা সবাই এতে ভীষণ ভয় পায়। সে বনের বাঘ হোক কিংবা ঘরের কুকুর, শব্দবাজি (Firecrackers) এদের কাছে আতঙ্ক। ওই আওয়াজ পেলেই তারা সেই এলাকা থেকে যে কোনওভাবে লুকিয়ে থাকার চেষ্টা করে। রাজস্থানের (Rajasthan) এক বিয়েবাড়িতেও ঘটেছিল ঠিক একইরকম ঘটনা। শব্দবাজির আওয়াজে বরকে (Groom) কাঁধে চাপিয়েই দৌড় মেরেছিল ঘোড়া (Horse)। তারপর...
বিয়েতে বারাতে ঘোড়ার কাঁধে চেপে বর আসেন কনের বাড়ি, এই রীতি বহু পুরনো। রাজস্থানের সেই বিয়েবাড়িতেও তেমনভাবেই এসেছিলেন বর বাবাজীবন। ঘোড়ার কাঁধে চেপেই তখন ব্যান্ডপার্টির গানের তালে তালে নাচ করছেন তিনি। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি আর কিছুক্ষণ পর তাঁর সঙ্গে কী ঘটতে চলেছে।
এরপর কনের বাড়ির সামনে বারাত এসে থামতেই শুরু হয় আতসবাজি ফাটানো। ব্যস! এতেই ঘটে গণ্ডগোল। বাজির আওয়াজে ভয় পেয়ে প্রথমে দু'কদম পিছিয়ে যায় ঘোড়া। এরপর হঠাৎই বাঁদিক ঘুরে একছুট লাগায়। পিঠে তখনও বসে আছেন বর। কিন্তু সেদিকে তখন খেয়ালও নেই ঘোড়ার। বরকে নিয়েই দৌড় মারে সে। ঘটনাটি ঘটেছিল রাজস্থানের আজমেরের রামপুরা গ্রামে।
এদিকে এমন কাণ্ড দেখে প্রথমে হতভম্ব হয়ে যান বিয়েবাড়ির লোকজন। এরপর তাঁরাও কয়েকজন পিছনে ছুটতে শুরু করেন। কিন্তু ঘোড়ার দৌড়ের সঙ্গে কী আর পারা যায়! তাই বাইক, গাড়ি নিয়ে ধাওয়া করা হয় ঘোড়াটিকে। এর মাঝে বরও বেশ কয়েকবার ঘোড়ার পিঠ থেকে ঝাঁপ মারার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। শেষে চার কিলোমিটার রাস্তা ওইভাবে ছোটার পর অবশেষে ঘোড়াটিকে থামাতে সক্ষম হন সবাই। প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরে ভালয় ভালয় বিয়ের পিঁড়িতে বসেন বরও।
সোনার দাঁতেই গেল চেনা! ১৫ বছর লুকিয়ে থাকার পর ধরা পড়ল অপরাধী