
শেষ আপডেট: 28 February 2023 05:32
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল (Electricity bill) মেটানো নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘটনা বাড়ছে। কলকাতা এবং আশপাশে পুলিশের কাছে সম্প্রতি বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। প্রতারকরা গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে বলছে, কয়েক ঘণ্টার মধ্যে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমাদের সিস্টেম বলছে, আপনি শেষ বিল সময়ে মেটাননি। প্রতারকদের পাঠানো মোবাইল নম্বরে ফোন করে বিল মেটানো হয়েছে জানানো হলে বলা হয়, আমাদের সিস্টেমে তার উল্লেখ নেই। ফের বিল মেটালে পরের বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় অনেকেই ফের বিলের টাকা জমা করছেন প্রতারকদের দেওয়া অনলাইন প্ল্যাটফর্মে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গরম পড়তেই প্রতারকেরা সক্রিয় হয়ে উঠেছে।
পুলিশ এবং বিদ্যুৎ কোম্পানিগুলি সতর্ক করে দিয়ে গ্রাহকদের উদ্দেশে বলেছে, কোনও কারণে বিলের টাকা জমা না হলে কখনই কয়েক ঘণ্টার নোটিসে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয় না। নতুন সময়সীমা দেওয়া হয়।
সিইএসসির বিদ্যুতের প্রথম বিলটি হয় নীল রংয়ের। নির্দিষ্ট সময়ের মধ্যে বিল জমা না করা হলে নতুন তারিখ জানিয়ে সবুজ রংয়ের বিল পাঠানো হয়। সেটিকে বলে নোটিস বিল। তাতে পরবর্তী দশ দিনের মধ্যে বিল মেটাতে বলা হয়। অন্যদিকে, সরকারি বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডব্লুবিএসইডিসিএল ১৫ দিন সময় দিয়ে নোটিস বিল পাঠিয়ে থাকে।
পুলিশ ও বিদ্যুৎ সংস্থা আরও জানিয়েছে, ভুয়ো মেসেজে যে মোবাইল নম্বর থাকে সেটা ভাল করে নজর করলেও প্রতারকদের ফাঁদ টের পাওয়া যাবে। তাদের পরামর্শ, বিদ্যুৎ সংস্থার হেল্পলাইন এবং বিল পেমেন্ট সংক্রান্ত নম্বর মোবাইলে সেভ করে রাখা ভাল। তাহলে সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে বার্তাটি আসল নাকি নকল।