দ্য ওয়াল ব্যুরো: ম্যাচে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারছে না ইস্টবেঙ্গল। একেবারেই এটিকে মোহনবাগানের মতো অবস্থা। যে কারণে কেরল ব্লাস্টার্সের কাছে বিরতির কিছু আগে পর্যন্ত এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ৩৭ মিনিটে রাজুর থ্রো থেকে মার্সেলার হেড কেরলের জালে জড়িয়ে গিয়েছে।
ইস্টবেঙ্গল কোচ দিয়াজ যখন ভাবতে শুরু করেছেন নির্বিঘ্নে প্রথমার্ধ শেষ হবে, সেইসময় গোল হজম করল লাল হলুদ দল। এই দলের গোলরক্ষকরা যেন আতঙ্কে পরিণত হয়েছেন। প্রথমে শুরু করেছিলেন অরিন্দম ভট্টাচার্য, তিনি ডার্বিতে তিন গোল খেয়ে আত্মবিশ্বাসের তলানিতে চলে গিয়েছেন।
তারপর নামেন শুভম সেন, তিনিও মোট নয়টি গোল হজম করে রিজার্ভ বেঞ্চে চলে গিয়েছিলেন। বাকি ছিলেন শঙ্কর রায়, তিনিও এদিন হতশ্রী গোল খেলেন। ৪৫ মিনিটে আলভারো ভাজকেজের শট মার্সেলার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে চলে যায়। শঙ্কর যদি একটু সতর্ক থাকতেন, গোল নাও হতে পারত।
তার মধ্যে যদিও খেলার ১৭ মিনিটে কেরলের গোল বাতিল হয়েছে। রেফারি প্রথমে গোলের বাঁশি বাজান। তারপর দেখা যায়, ইস্টবেঙ্গলের এক ফুটবলারের হাতে লেগেছে, সেই থেকে ফ্রিকিক থেকে আর গোল করতে পারেননি কেরলের তারকারা।
এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল আইএসএলে জয় পায়নি। পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে, এই ম্যাচেও না জিতলে সমর্থকদের কাছে আরও হতাশার হবে। তারা মাত্র দুই পয়েন্ট পেয়ে তালিকায় একেবারে শেষে রয়েছে। কেরল তালিকায় রয়েছে আটে।
ইস্টবেঙ্গল প্রথম একাদশ: শঙ্কর, মার্সেলা, হীরা, রাজু, পর্চে, সৌরভ, হামতে, অমরজিৎ, পেরোসেভিচ, হাওকিপ ও চিমা।