.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 10 September 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের আর্জি মেনে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় কাজে ফিরলেন না আন্দোলনকারী ডাক্তাররা। কলকাতার স্বাস্থ্যভবনের সামনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ-অবস্থান চলছে। শীর্ষ আদালত গতকাল, সোমবার জানিয়ে দিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে প্রতিবাদীরা কর্মবিরতি তুলে কাজে না ফিরলে রাজ্য সরকার ইচ্ছে করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। কিন্তু, এদিন সূত্রে জানা গিয়েছে, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। আগামিদিনে সরকারের পদক্ষেপ ও কার্যাবলি ঠিক করতে বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ প্রতিবাদী ডাক্তারদের আজ, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। তা না হলে আদালত জানিয়ে দেয় যে, রাজ্য সরকার আইন মোতাবেক ব্যবস্থা নিতে পারে। গতকাল মুখ্যমন্ত্রীও নবান্ন সভাঘর থেকে ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানান এবং আলোচনার প্রস্তাব দেন।
কিন্তু, এদিন পাঁচটা বেজে গেলেও জুনিয়র ডাক্তাররা তাঁদের দাবিতে অনড় থেকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপরেও সরকার তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা এখনই নিচ্ছে না বলে সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে পরবর্তী কৌশল নির্ধারণে বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক ডেকেছেন মমতা। সেখানে ডাক্তার প্রতিনিধিদেরও উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হতে পারে।
জানা গিয়েছে, ওই বৈঠকে বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার হালহকিকত সম্পর্কে খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশমতো প্রতি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কোথাও কী ঘাটতি আছে তা জেনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। পুলিশ-প্রশাসনিক কর্তারা ছাড়াও ডাক্তারদের প্রতিনিধি ও প্রবীণ ডাক্তারদের বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে।