দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার থেকেই স্থায়ী আমানতে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগামী ৫ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি দ্বিমাসিক বৈঠকে বসছে। তার ঠিক এক সপ্তাহ আগে স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ল। যাঁরা এক বছরের বেশি সময়ের জন্য এক কোটি টাকার নীচে স্থায়ী আমানত করবেন, তাঁরা গচ্ছিত অর্থের ওপরে ০.০৫ থেকে ০.১০ শতাংশ হারে বাড়তি সুদ পাবেন। প্রবীণ নাগরিক, অর্থাৎ যাঁদের বয়স ৬০ বছরের বেশি, তাঁরাও স্থায়ী আমানতে প্রায় একই বর্ধিত হারে সুদ পাবেন।
এক বছর বা তার বেশি কিন্তু দু’বছরের কম মেয়াদে স্থায়ী আমানতে যাঁরা টাকা রেখেছেন, তাঁরা আগে সুদ পেতেন ৬.৭ শতাংশ। বৃহস্পতিবার থেকে পাবেন ৬.৮ শতাংশ। দু’বছর বা তার বেশি কিন্তু তিন বছরের কম মেয়াদে স্থায়ী আমানতের ওপরে এখন সুদ পাওয়া যায় ৬.৭৫ শতাংশ। এর পরে পাওয়া যাবে ৬.৮ শতাংশ।
প্রবীণ নাগরিকরা এক বছর বা তার বেশি কিন্তু দু’বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতে সুদ পেতেন ৭.২ শতাংশ। এবার পাবেন ৭.৩ শতাংশ। দু’বছর বা তার বেশি কিন্তু তিন বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতে টাকা গচ্ছিত রেখেছেন যাঁরা, তাঁরা আগে পেতেন ৭.২৫ শতাংশ। এবার থেকে পাবেন ৭.৩ শতাংশ।
চলতি মাসের শুরুতে স্থায়ী আমানতে সুদের হার পরিবর্তন করে আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ক। তার পরে একই সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক।