দ্য ওয়াল ব্যুরো : প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর। গ্রাহক ও আমানতকারীদের এমনই জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের টুইটার হ্যান্ডলে এদিন বলা হয়েছে, “আমরা প্রত্যেক কাস্টমারকে অনুরোধ জানাচ্ছি, নির্বিঘ্নে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার লিঙ্ক না করালে প্যান কার্ড হয়ে পড়বে অকেজো।
১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯ এএ ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিককে দেওয়া হয়েছে প্যান কার্ড ও আধার কার্ড। আইনত প্রত্যেকে তাঁর আধার নম্বর আয়কর কর্তৃপক্ষকে জানাতে বাধ্য। আয়কর আইনের ধারায় বলা হয়েছে, “যদি কোনও ব্যক্তি আধার নম্বর না জানান, তাঁর পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর অচল হয়ে যাবে।”
কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড আবশ্যক। ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্যও পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হয়। ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলেও প্যান কার্ড লাগে। কেউ দৈনিক ৫০ হাজার টাকার বেশি জমা দিলেও প্যান কার্ড প্রয়োজন হয়। কোনও ব্যক্তি মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি কিনতে গেলেও পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন হয়। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালে এই পরিষেবা পাওয়া যাবে না।
আধার কার্ড সম্পূর্ণ বায়োমেট্রিক নির্ভর। কোনও আইডেন্টিফিকেশন ডকুমেন্ট দিয়ে এই কার্ড পাওয়া যায় না। আয়কর দফতর যাতে যথাযথ কাজ করতে পারে, সেজন্য প্যান ও আধার কার্ডের লিঙ্ক করা বিশেষ প্রয়োজন। না করলে কোনও ব্যক্তির কাছে জরিমানা আদায় করা হতে পারে। জরিমানার অঙ্ক হতে পারে ১ হাজার টাকা।
অগাস্টের শুরুতে স্টেট ব্যাঙ্ক টুইট করে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে বলে। এর আগে মে মাসে নোটিশ দিয়ে স্টেট ব্যাঙ্ক বলেছিল ৩০ জুনের মধ্যে আমানতকারী ও গ্রাহকরা যেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেন। পরে একাধিকবার ওই সময়সীমা বাড়ানো হয়।
দু’টি কার্ড কীভাবে লিঙ্ক করাতে হবে, তা নির্দিষ্ট করে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। বলা হয়েছে, প্রথমে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েব সাইটে ই-ফাইলিং পোর্টালে যান। তার বাঁদিকে আধার সেকশনের ওপরে ক্লিক করুন। আপনাকে রি-ডায়রেক্ট করার পরে প্যান নম্বর, আধার নম্বর ও নাম জানান। শেষে আপনাকে ফের ক্যাপচা কোড ফের জানাতে হবে। তারপর ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন। আপনার প্যান-আধার লিঙ্কিং-এর প্রক্রিয়া শুরু হবে। আয়কর দফতর আধার কার্ডে দেওয়া তথ্যের সঙ্গে আপনার নাম, জন্মের তারিখ মিলিয়ে দেখবে। তারপর লিঙ্কিং-এর কাজ শেষ হবে।