
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সায়ন্তিকা।
শেষ আপডেট: 25 June 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: রাজভবন নয়, বিধানসভায় শপথ গ্রহণ করতে চেয়ে ফের পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন বরানগর এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকাররা।
বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিন সপ্তাহ আগে। এখনও চিঠি পাল্টা চিঠির লড়াইয়ে আটকে রয়েছে তাঁদের শপথগ্রহণের অনুষ্ঠান।
রীতি অনুযায়ী, বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালের অনুমতি প্রয়োজন। সেজন্য সম্প্রতি রাজ্যপালকে চিঠি লিখেছিলেন স্পিকার। এ ব্যাপারে রাজ্যপালকে সংবিধানের নিয়মের কথাও চিঠিতে উল্লেখ করেছিলেন বিমানবাবু।
এরপরই বুধবার রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চেয়ে সায়ন্তিকা ও রায়াতকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। যার জবাবে
বিধানসভায় শপথগ্রহণ কেন করতে চান, তাঁর কারণ ব্যাখ্য়া করে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন তাঁরা। যদিও মঙ্গলবার ফের রাজভবনের তরফে ইমেলে জানানো হয়েছে, বুধবারই রাজভবনে শপথগ্রহণের অনুষ্ঠান হবে।
এরপরই ফের স্পিকারের দ্বারস্থ হয়েছেন সায়ন্তিকা এবং রায়াতরা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁদের মতকে কেন গুরুত্ব দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছেন।
সূত্রের খবর, বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন স্পিকার। প্রসঙ্গত, রাজ্যপালকে লেখা চিঠিতে সায়ন্তিকারা আগেই জানিয়েছিলেন, ''আমি যখন বিধানসভার সদস্য, তখন স্পিকার যদি আমাকে শপথবাক্য পাঠ করান তাহলে ভাল হয়। নির্বাচনে জিতেছি ২ সপ্তাহ হয়ে গেছে, তাও কাজ করতে পারছি না। তাই এটা রাজ্যপালকে কনসিডার করার আর্জি জানিয়েছি।''
এ ব্যাপারে মঙ্গলবার স্পিকারের নতুন করে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এ ব্যাপারে সোমবারই রাজ্যপালের ভূমিকার নিন্দা করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''রাজ্যপাল রীতি ভাঙছেন। নতুন বিধায়কদের শপথ না নিতে পারার জন্য অনেকাংশেই তিনি দায়ী। তবে রাজ্যপাল বিধানসভায় এসে শপথ নেওয়াতে চাইলে আমার কোনও আপত্তি নেই। সব বন্দোবস্ত হয়ে যাবে।''
দলের বর্ষীয়ান এক বিধায়কের কথায়, "লোকসভা উপনির্বাচনে জয়ী কোনও সাংসদকে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করিয়েছেন, এমন ঘটনা বিরল। তাই এক্ষেত্রে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করাতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।"
ফলে শপথ ঘিরে জটিলতা বাড়ছেই। এখন দেখার রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান নাকি সায়ন্তিকারা রাজভবনে যান।