
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 7 June 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: সেটা ২০২১। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে বাঁকুড়া থেকে তাঁকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ১ হাজার ৪৬৮ ভোটে বিজেপির নীলাদ্রিশেখর দানার কাছে পরাজিত হয়েছিলেন সায়ন্তিকা।
তবে ভোটে হারলেও রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেননি সায়ন্তিকা। বরং, আরও বেশি করে তৃণমূলের সংগঠনের কাজে যুক্ত ছিলেন। বরাহনগর উপ নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার বিধানসভায় পৌঁছন সায়ন্তিকা। দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
এরপরই নিজের পুরনো প্রতিজ্ঞার কথা জানান সায়ন্তিকা। অভিনেত্রী-বিধায়িকার কথায়, "স্পিকার স্যার আমাকে বহুবার বিধানসভায় আসতে বলেছিলেন, কিন্তু আমি আসিনি। কারণ, বাঁকুড়ায় হারার পর ঠিক করেছিলাম, যেদিন অধিকার অর্জন করব, সেদিন বিধানসভায় ঢুকব।"
খানিক থেমে সায়ন্তিকা বলেন, "৩ বছর লেগে গেল। অনেক লড়াইয়ের পর জয় পেলাম।" তবে এবারের লড়াইটা বেশ কঠিন ছিল বলেই জানিয়েছেন সায়ন্তিকা। দিনভর সাপলুডোর মতো কখনও এগিয়েছেন, কখনও পিছিয়ে গিয়েছেন। দিনের শেষে অবশ্য বিজেপি প্রার্থী সজল ঘোষকে ৮ হাজার ১৬৮ ভোটে পরাজিত করে শেষ হাসি হেসেছেন সায়ন্তিকা।
হাতে ২ বছর, তারপরই বিধানসভা ভোট। অল্প সময়ের মধ্যে কী মানুষের চাহিদা পূরণ করতে পারবেন? আত্মবিশ্বাসী সায়ন্তিকার জবাব, "কাজ করতে চাইলে দু'দিনেও অনেক কাজ করা যায়। সেখানে দু'বছর অনেক সময়। আশারাখি, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।"