দ্য ওয়াল ব্যুরো: ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে তিরুঅনন্তপুরমে তাঁর দফতরে বিজেপি যুব মোর্চার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ প্রাক্তন কংগ্রেস নেতা শশী তারুরের।
তারুর টুইট করে জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে, তাঁর সংসদীয় কেন্দ্রের কার্যালয়ে আলকাতরা লেপে দিয়েছে যুব মোর্চা।
উপস্থিত সদস্যেরা জানিয়েছেন, সোমবার তারুর-বিরোধী স্লোগানে চিতকার করতে করতে দফতরে হামলা চালায় যুব মোর্চার সদস্যরা। দফতরে তারা পোস্টার সেঁটে দিয়ে আসে, “হিন্দু পাকিস্তানের দফতর।”
এই হামলাকে সমর্থন করে এগিয়ে এসে তিরুঅনন্তপুরম জেলা বিজেপি সভাপতি এস সুরেশ জানান, এটা তারুরের ভুল মন্তব্যের স্বতঃপ্রণোদিত প্রতিবাদ। তিনি বলেন, তারুর এখানকার সাংসদ। তিনি এমন বলতে পারেন না। বললে তো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করবেনই!
যুব মোর্চার এই হামলাকে বিজেপির ঔদ্ধত্য হিসেবে উল্লেখ করেন প্রবীণ কংগ্রেস নেতা ভিডি সতীশান। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালাও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহের একটি অনুষ্ঠানে ‘বিপদের মুখোমুখি ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ শীর্ষক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে শশী তারুর বলেন, ২০১৯ নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় ফেরে, তা হলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে না। কারণ, তখন বিজেপি নতুন করে সংবিধান লিখবে। সেখানে সংখ্যালঘুদের অধিকার বলে কিছু থাকবে না। তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। তৈরি হবে ‘হিন্দু পাকিস্তান’।
তারুরের এই বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। দেখে নিন শশীর টুইট।
https://twitter.com/ShashiTharoor/status/1018798063815544833
https://twitter.com/ShashiTharoor/status/1018799338363863040