দ্য ওয়াল ব্যুরো : সুনন্দা পুষ্করের মৃত্যুর জন্য দায়ী তাঁর স্বামী তথা কংগ্রেস সাংসদ শশী থারুর। এই মর্মে চার্জশিট দিয়েছিল পুলিশ। থারুর আশঙ্কা করছিলেন, যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে। দিন দুয়েক আগে তিনি আগাম জামিনের জন্য কোর্টে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা কোর্ট তাঁর আবেদন মঞ্জুর করেছে। কিন্তু তাঁকে এক লক্ষ টাকা জামানত হিসাবে জমা রাখতে হবে। তিনি এখন বিদেশেও যেতে পারবেন না।
চার বছর আগে দিল্লির লীলা হোটেলের ৩৪৫ নম্বর সুইট থেকে সুনন্দা পুষ্করকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্তে জানা যায়, মানসিক অবসাদ কাটানোর জন্য তিনি যে ওষুধ খেতেন, তার ওভারডোজেই সুনন্দা মারা গিয়েছেন।
এর পরে গত মে মাসে পুলিশ শশীর নামে চার্জশিট দিয়ে বলে, তিনি সুনন্দার প্রতি নিষ্ঠুর আচরণ করতেন। সেজন্যই তিনি অধিক মাত্রায় অবসাদ কাটানোর ওষুধ খেয়ে আত্মহত্যা ওই চার্জশিট গ্রহণ করে। শশীকে ৭ জুলাই কোর্টে হাজির হতে নির্দেশ দেয়। কোর্টে হাজিরা দেওয়ার দুদিন আগে তিনি আগাম জামিন পেলেন।
শশীর কৌঁসুলি বিকাশ পাহাওয়া বলেছেন, আগাম জামিন যে পাওয়া যাবে, এই নিয়ে কোনও সন্দেহ ছিল না। সুনন্দার মৃত্যু নিয়ে তদন্তের জন্য যে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল, তার রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, তদন্ত শেষ। এখন আর কাউকে কাস্টডিতে নিয়ে জেরা না করলেও চলবে।