
শেষ আপডেট: 31 March 2024 14:23
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এবার নিজের দলের কর্মীদেরই হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা। বললেন, 'ভাল না লাগলে চলে যাবেন। কিন্তু দলে থেকে যাঁরা বেইমানি করবে ৪ তারিখের পরে সুদে আসলে বুঝে নেব।'
এখানেই থামেননি ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনও নেতা যদি কারওর কাছ থেকে টাকা নেয়, তাহলে দল সর্বতোভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
শনিবার ভাঙড়ের পাকাপোল বাজারে যোগদান অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য পেশ করতে উঠে কর্মীদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দেন শওকত। সামনে লোকসভা ভোট। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এখন জেলে। এই সময়ে কর্মীদের একজোট করে ভোট ময়দানে নামানোর গুরু দায়িত্ব পালন করছেন ক্যানিং পূর্বের বিধায়ক।
পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েকশ জমি কমিটির সদস্য ও আইএসএফ সমর্থক যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শওকত। কয়েকদিন আগে গ্রিড আন্দোলনের সঙ্গে যুক্ত ভূমি রক্ষা কমিটির বহু কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন।