দ্য ওয়াল ব্যুরো : গত ২৩ অক্টোবর সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন দুজন। ২৬ অক্টোবর সেই ঘটনার তদন্তে এক সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। কমিটিতে আছেন ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এক সপ্তাহের মধ্যে মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দেবেন।
মহানগরীতে শিয়ালদহ ও হাওড়া জংশনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল সাঁতরাগাছি। সেখানে সাউথ ইস্টার্ন ডিভিশনের ট্রেন চলাচল করে। সাউথ ইস্টার্ন রেলের অফিসাররা জানিয়েছেন, ২৩ অক্টোবর সন্ধ্যায় একটি এক্সপ্রেস ও দুটি লোকাল ট্রেন একসঙ্গে স্টেশনে ঢোকায় ফুটব্রিজ দিয়ে একসঙ্গে অনেক যাত্রী দৌড়ে ওঠানামা করতে যান। তখনই দুর্ঘটনা ঘটে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেদিন সন্ধ্যায় ময়দানে দুর্গাপুজো কার্নিভ্যালে ব্যস্ত ছিলেন। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যান। তাঁর প্রশ্ন, একসঙ্গে তিনটি ট্রেন স্টেশনে ঢুকল কেন? তার মানে রেলের মধ্যে সমন্বয়ের অভাব আছে। তার পরে শুক্রবার রাজ্য সরকার সাঁতরাগাছির দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করল।