
শেষ আপডেট: 29 August 2023 03:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের জানুয়ারিতে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দিরকে কেন্দ্র করে যেমন জড়িয়ে আছে ইতিহাস, তেমনই রয়েছে রাজনৈতিক লড়াই থেকে শুরু করে আইনি লড়াই। বহু বছরের হাজার জট কাটিয়ে অযোধ্যার বুকে তৈরি হচ্ছে এই রাম মন্দির (Ayodhya Rammandir)। অনেকেই এখন থেকে ভেবে রেখেছেন, উদ্বোধনের পরেই ঘুরে আসবেন মন্দিরে। কিন্তু তার আগেই কলকাতার বুকেই তৈরি হচ্ছে আস্ত রাম মন্দির!
সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square) বা লেবুতলা পার্ক, দুর্গাপুজোয় কলকাতার অন্যতম আকর্ষণ। প্রতিবছরই এখানে গড়ে ওঠে কোনও না কোনও স্থাপত্য। কখনও লালকেল্লা, কখনও আবার লক্ষ্মী নারায়ণ মন্দির, কখনও আবার বীর পুরুষদের বীরগাথা-- লেবুতলা পার্ক প্রতি বছরই তাদের মণ্ডপ তৈরির ভাবনায় চমক দেয়। এবারও বাদ যাচ্ছে না। এবারের দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রাম মন্দির।
রাম মন্দির আদলেই গড়ে উঠছে মণ্ডপ। বিশাল মাঠের মাঝে তৈরি হবে সেটি। বাঁশ, কাঠ, পিচবোর্ড, থার্মোকল সহ বিভিন্ন উপাদানের মধ্যে দিয়েই ফুটিয়ে তোলা হবে মণ্ডপ। এই পুজো একটা সময় মানুষ চিনতেন প্রদীপ ঘোষের পুজো বলে, এখন জুড়েছে সজল ঘোষের নামও!
কিন্তু এবারের থিম রাম মন্দির কেন? পিছনে কি কোনও রাজনীতির রঙ রয়েছে? পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ স্পষ্ট জানালেন, কোনওভাবেই পুজোর সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে কেন বেছে নেওয়া হল এই থিম? ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, 'শরৎকালে মা দুর্গার অকালবোধন শুরু করেছিলেন রামচন্দ্র। আর জানুয়ারি মাসেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের। তাই এই দু'টি কথা মাথায় রেখেই এবারের থিম ভাবা হয়েছে।'
দু'মাসও বাকি নেই দুর্গাপুজোর। সব পুজো কমিটিগুলোই এখন জোর কদমে শুরু করে দিয়েছে প্রস্তুতি। ইট, কাঠ, বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ, কুমোরটুলিতেও এখন প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটির প্রত্যেককে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন, যা পুজো কমিটিগুলিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।
কিন্তু সেই তালিকায় নেই লেবুতলা পার্ক। সজল ঘোষ বললেন, 'আগেরবারও আমরা অনুদান নিইনি, এবারও নিইনি। ওই অনুদানে হতাশা, কষ্ট, রক্ত, মায়ের চোখের জল সব জড়িয়ে আছে। ওই অনুদান নেওয়া যায় না।'
এমনকী দুর্গাপুজো শেষে কার্নিভালেও যাবে না লেবুতলা পার্কের প্রতিমা! সজলের কথায়, 'যে কার্নিভালে বঞ্চিতদের সাদা থান দিয়ে মুড়িয়ে রেখে দেওয়া হয়, সেটা কার্নিভাল হতে পারে না। আমরা আমাদের নিজেদের কার্নিভাল করি।'
মণ্ডপ তৈরি থেকে শুরু করে, বাকি প্রস্তুতিতে ব্যস্ত লেবুতলা পার্ক। গত ১৯ অগস্টই পুজোর থিম উদ্বোধন হয়েছে। সজলবাবুদের ইচ্ছে, এই পুজোর উদ্বোধনে ফিতে কাটুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত যা খবর, সজলবাবুদের ইচ্ছেতে সাড়া দিয়েছেন তিনি। কলকাতায় এসে লেবুতলা পার্কের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ।
নাকতলা উদয়নে পার্থ অতীত, নতুন কর্তা 'আমাদেরই লোক' অরূপ, পুজো থাকল জোড়াফুলেই