
শেষ আপডেট: 20 November 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: মাথার উপর ঝুলে রয়েছে একাধিক মামলার খাঁড়া। জিজ্ঞাসাবাদ করতেই সোমবার বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় পুলিশ। সাত সকালে শান্তিনিকেতন থানার ওসি সহ চার পুলিশ হাজির হন প্রাক্তন উপাচার্যের বাংলো পূর্বিতায়। মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরও এই পূর্বিতাতে রয়েছেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ সহ তাঁকে একাধিক মামলায় নোটিস দিয়েছিল শান্তিনিকেতন থানার পুলিশ। আপাতত তাঁকে তিনটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। ভিডিওগ্রাফি করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্ব লিখিত আকারেও নেওয়া হচ্ছে, পরে তাতে বিদ্যুৎ চক্রবর্তী সই করবেন বলে পুলিশ সূত্রের খবর।
উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগের দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়কে পাঁচ পাতার একটি চিঠি দিয়ে আক্রমণ করেছিলেন তিনি। সেই চিঠি নিয়েই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। শুধু তাই নয়, পাঁচ বছরের উপাচার্যের কার্যকালে বহুবারই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বারবার বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এরপর উপাচার্য পদ ছাড়ার আগেও তাঁর বিরুদ্ধে আরও চারটি অভিযোগকে অফআইআর হিসাবে গণ্য করে মামলা রুজু করে শান্তিনিকেতন থানা পুলিশ।
উপাচার্য থাকাকালীন বিদ্যুৎ চক্রবর্তী একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। সেটি তাঁর একাধিক মন্তব্য ঘিরে হোক কিংবা সিদ্ধান্ত। বারবার তিনি রাজ্য সরকারের প্রতিপক্ষ হয়ে উঠেছেন। সেই সংঘাতে নবতম সংযোজন বিশ্বভারতীর ফলক বিতর্ক। যদিও বিতর্কিত ফলক বসানোর জন্য আদালত রক্ষাকবচ দিলেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানায়।
ফলক বিতর্কে উপাচার্যকে নোটিস পাঠিয়েছিল পুলিশ। ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। তিনি হাজিরা না দেওয়ায় আজ তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য পৌঁছল শান্তিনিকেতন থানার পুলিশ। এছাড়াও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সোমবার তাঁর বাড়িতে পুলিশের হানা বলে মনে করা হচ্ছে।