
শেষ আপডেট: 9 November 2022 15:24
দ্য ওয়াল ব্যুরো: তিন মাস পর জেল থেকে বেরোলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। বুধবার সকালেই মহারাষ্ট্রের বিশেষ আদালত সঞ্জয়ের জামিন মঞ্জুর করে। তারপর থেকেই শিবসেনার দলীয় কর্মী সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েছিলেন। বিকেল গড়াতেই আর্থার রোডের জেল থেকে বেরিয়ে আসেন এই শিবসেবা নেতা। তাঁকে ঘিরে উৎসবের মেজাজে মাতেন সমর্থকেরা।
বুধবার সকালে বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেখানে ধাক্কা খায় ইডি। বম্বে হাইকোর্ট জানায়, নিম্ন আদালতের রায়ের কপিই বা কী আর কেন জামিন আবেদনের রদ করতে চাওয়া হচ্ছে সে ব্যাপারে না জেনে কোনও নির্দেশ দেওয়া যাবে না।
প্রসঙ্গত, জমি দুর্নীতি-কাণ্ডে সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। এই তদন্তের সূত্র ধরে গত পয়লা অক্টোবর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি তখন জানিয়েছিল, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সঞ্জয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে যার সঙ্গে এই দুর্নীতির যোগ রয়েছে।
যদিও সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরের শিবির বারবারই ইডির অভিযোগ অস্বীকার করেছে। তাদের কথায়, রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে। এমনকী সঞ্জয়কে হেনস্থা করার অভিযোগও তোলা হয়েছে।
শিবসেনার মুখপাত্র গত ২১ অক্টোবর বিশেষ আদালতে জামিনের আবেদন করেন। সেই আবেদন এদিন সকালে মঞ্জুর করে আদালত। বিকেলে জেল থেকে বেরোতেই সঞ্জয়ের নামে জয়ধ্বনি ওঠে। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান সমর্থকেরা।