
শেষ আপডেট: 22 May 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: জাপানে জি৭ বৈঠক সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিশেষ বিমান 'এয়ার ইন্ডিয়া ওয়ান' পাড়ি দিয়েছে প্রশান্ত মহাসাগরের ওপর। একেবারে বিষুবরেখা ছুঁয়ে সন্ধ্যে নাগাদ নেমেছে পাপুয়া নিউগিনির (Papua New Guinea) রাজধানী পোর্ট মোরেসবিতে। প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন এই দ্বীপ-রাষ্ট্রে। প্রোটোকল ভেঙে তাঁর পা ছুঁয়ে বিরল অভ্যর্থনা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। এবার এই নিয়েই মন্তব্য করে খবরে এলেন সঞ্জয় রাউত (Sanjay Raut)।
এক ভিডিওতে দেখা যাচ্ছে, 'শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)' দলের তরফে রাজ্যসভার সাংসদ সঞ্জয় বলছেন, 'এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীর পা ছুঁয়েছেন, এটাকে ভারতীয় জনতা পার্টি এমনভাবে প্রচার করছে… আরে পণ্ডিত নেহরুরও পা ছুঁতেন অনেকে, আমরা দেখেছি সেসব। লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধীরও পা ছুঁয়েছেন অনেকে।'
এতেই না থেমে সঞ্জয় যোগ করেন, 'ওখানকার (পাপুয়া নিউগিনির) জনসংখ্যা আশি লক্ষ। সাড়ে আটশো ভাষা বলা হয় ওখানে। পুরো দ্বীপরাষ্ট্র, এক দ্বীপের থেকে আরেকটা দ্বীপ অনেকটাই আলাদা। বেশিরভাগই আদিবাসীদের বাস। ওখানকার লোকজন ভূত-প্রেত-জাদুর ওপরেই বেশি বিশ্বাস রাখে। তো, ওঁদের হয়ত মনে হয়েছে, হিন্দুস্তান থেকে কোনও বড় জাদুকর এসেছে, ওঁর থেকে কোনও জাদু শেখা উচিত, পরম্পরার মত। যাই হোক, চলুন…' বলে হেসে সাংবাদিকদের সামনে থেকে উঠে যান রাউত।
যথারীতি বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সঞ্জয় কথাগুলো হালকা চালে, মজাচ্ছলে বলেছেন নাকি তাঁর দলের অবস্থান বলে ধরা উচিত, এই নিয়েও জল্পনা চলেছে। উল্লেখ্য, জনসংখ্যা ও ভাষা নিয়ে সঞ্জয় যা যা বলেছেন, তাতে তথ্যগত ভুল বিশেষ নেই।
পাপুয়া নিউগিনিতে যদিও প্রধানমন্ত্রীর জন্য খাতিরযত্নের কোনও অভাব রাখা হয়নি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিমান নামে সেখানে। সন্ধ্যের পর বা সূর্য ডুবে গেলে সাধারণত পাপুয়া নিউগিনিতে কাউকে অভ্যর্থনা করা হয় না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্য সেই নিয়ম ভেঙেও ঢালাও আয়োজন করেছিলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়, রীতিমতো ১৯-টি বন্দুকের ধ্বনিতে গার্ড অফ অনার দেওয়া হয় মোদীকে। বিমানের সিঁড়ি থেকে নেমে আসার পরেই আলিঙ্গন করে মোদীর পা ছুঁতে যান ৫২ বছরের ম্যারাপে। মোদী যদিও সহাস্য অভিবাদনে তাঁকে আটকে পিঠ চাপড়ে জড়িয়ে ধরেন। নিঃসন্দেহে কূটনীতিতে এটি ভারতের জন্য ভাল বার্তা।
প্লাস্টিক জ্যাকেটে জি৭ সম্মেলনে বাজিমাত মোদীর! ফ্যাশনে মিশে গেল পরিবেশ রক্ষার বার্তা