দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান পাওয়ার কাপল শোয়েব মালিক ও সানিয়া মির্জা টক শো আনছেন। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের কয়েকটি এপিসোড হয়ে গিয়েছে দুবাইতে। উর্দু ফ্লিক্স নামে ওই ফ্যামিলি টক শো-তে বিভিন্ন তারকাদের আনা হবে।
ভারত-পাক মৈত্রীর বাতাবরণ তৈরির লক্ষ্যেই এই অনুষ্ঠানের প্রেক্ষাপট বানানো হয়েছে। সানিয়া ও শোয়েব একযোগে সঞ্চালনা করবেন অনুষ্ঠানটি। ডাকা হবে দুই দেশের নামী তারকাদের। তাঁদের ব্যক্তিগত প্রশ্নও করা হবে।
ভারতে যেমন কপিল শর্মার টক শো জনপ্রিয়। সেখানে তারকাদের ব্যক্তিগত বিষয় থেকে তাঁর নানা দিক তুলে ধরে প্রশ্ন করা হয়। সানিয়া ও শোয়েবও একইভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন।
ইতিমধ্যেই দুবাইতে শুটিংও হয়ে গিয়েছে অনুষ্ঠানের। পাক টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। পাকিস্তানের একটি ফ্রাঞ্চাইজি এই অনুষ্ঠানের ভাবনা এনেছেন। কাদের আনা হবে ওই টক শো-তে, সেই নিয়েও তালিকা তৈরি করা হয়েছে।
সানিয়া ও শোয়েব দু’জনেই জনপ্রিয় তারকা জুটি। সব থেকে বড় বিষয়, তারকাদের দুবাইতে এসে শুটিং করতে হবে। কবে থেকে সেটি বাজারে আসবে, সেটি শীঘ্রই জানানো হবে স্পনসরের তরফ থেকে। এমনকি ওই অনুষ্ঠানে তারকারা নেচে-গেয়েও মনোরঞ্জন করবেন।