ডিএ ইস্যুতে রাজ্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে যে, তাদের আর্থিক সঙ্কট রয়েছে। যদিও ভাস্কর ঘোষ এমনটা মনে করেন না। তাঁর সাফ কথা, তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয়েছে যে - তাঁদের টাকা নেই।

ভাস্কর ঘোষ
শেষ আপডেট: 23 June 2025 20:54
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য সরকারকে (State Govt) নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ (DA)-এর ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ২৭ জুনের মধ্যে। এখন সরকারি কর্মীরা এই তারিখের দিকেই তাকিয়ে রয়েছেন। আশা করছেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে হয়তো নবান্ন থেকে ডিএ-র ঘোষণা করা হবে। কিন্তু তেমনটা যদি না হয়? এই পরিপ্রেক্ষিতে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)।
'আগে তো রাজ্যের জন্য খারাপ হয়েছেই, এবার আরও খারাপ হবে। আমরা আরও কড়া পদক্ষেপ নেব'। ২৭ তারিখ বা তার মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ না মিললে কী হতে চলেছে তার আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন ভাস্কর। দ্য ওয়াল-কে (The Wall News) দেওয়া একান্ত ফোনালাপে তিনি বলেন, ''সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা দেশের মানুষের কর্তব্য। রাজ্যের নির্বাচিত সরকারও ব্যতিক্রম নয়। তাই নির্ধারিত দিনে যদি নির্দেশ মেনে সরকার পদক্ষেপ না করে তাহলে তার পর আর কোনও উপায় নেই তাঁদের কাছে কিছু করার। যা করার কর্মচারীরা করবেন।''
ভাস্কর বলছেন, ''এখনও পর্যন্ত ডিএ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর নেই। তবে এই কাজ বেশিক্ষণের নয়। সরকারের সদিচ্ছা থাকলেই তা সহজে হয়ে যাবে। তবে বলতে পারি, এবারও যদি ডিএ না দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ খুবই খারাপ হবে।'' সংগ্রামী যৌথ মঞ্চের নেতার খোঁচা, এতদিন সরকারের জন্য সবই খারাপ হয়েছে। এবারেও হতে চলেছে। তাই সেই খারাপের যাতে আর সম্মুখীন না হতে হয় তার জন্য ডিএ দিতে হবে।
ডিএ ইস্যুতে রাজ্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে যে, তাদের আর্থিক সঙ্কট রয়েছে। যদিও ভাস্কর ঘোষ এমনটা মনে করেন না। তাঁর সাফ কথা, তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয়েছে যে - তাঁদের টাকা নেই। তাই বেশিরভাগ মানুষ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারে সন্তুষ্ট। কিন্তু 'টাকা নেই' এই কথাটা বড় মিথ্যে বলে দাবি করেছেন তিনি।
ইতিমধ্যে জানা গেছে, তিন ধাপে রাজ্য সরকার মোট সাড়ে ৭ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। মনে করা হচ্ছে, এই টাকাতেই হয়তো ডিএ মেটানো হবে। যদিও সংগ্রামী মঞ্চের নেতার বক্তব্য, ঋণের সঙ্গে ডিএ মেটানোর কোনও সম্পর্ক নেই। ভাস্কর বলছেন, ''গত ১৬ মে ডিএ সংক্রান্ত নির্দেশ এসেছিল। তার আগেও এই সরকার ঋণ নিয়েছে। আর ২৫ শতাংশ ডিএ দেওয়ার জন্য রাজ্যকে ঋণ নিতে হবে, এটাও বিশ্বাসযোগ্য নয়। তাই মনে করি, দুয়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই।''
ভাস্কর ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, ২৭ জুনের পর বড়সড় আন্দোলন হতে চলেছে আর তার সঙ্গে আদালত অবমামনার মামলা তো আছেই। রাজ্য সরকার এখনও বুঝতে পারছে না, তারা কীসের সম্মুখীন হতে চলেছে! অর্থাৎ এক কথায়, সংগ্রামী যৌথ মঞ্চ হয়তো ভেবেই নিয়েছে যে ডিএ তাঁরা পাচ্ছে না। তাই 'প্ল্যান বি' তৈরি রাখছে সংগঠন।