
সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা
শেষ আপডেট: 5 May 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: ভাইরাল ভিডিও নিয়ে ফের অশান্ত সন্দেশখালি। রবিবার বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, তৃণমূল চক্রান্ত করে এই ভিডিও বানিয়েছে। সঙ্গে সন্দেশখালির আন্দোলনের সঙ্গে গঙ্গাধরের যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলেন, "গঙ্গাধর কয়াল সন্দেশখালির আন্দোলনের পাশে কবে ছিলেন?"
শনিবার সকাল থেকে সন্দেশখালির একটি স্টিং অপারেশনের ভিডিও ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। যদিও দ্য ওয়াল ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ভাইরাল ওই ভিডিওতে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গেছে, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। মহিলাদের ধর্ষণের ঘটনাও মিথ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনায় টাকা দিয়ে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা। লোকসভা ভোটের মাঝে বিষয়টিকে ঘিরে রাজনৈতিক চাপাউতোর শুরু হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট ভিডিওটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালির আন্দোলনকারীরা। রবিবার সকাল থেকে গঙ্গাধরের বাড়ির সামনে স্লোগান দিতে থাকেন সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দারা। এক বিক্ষোভকারী বলেন, ‘উনি আমাদের আন্দোলনের কেউ না। আন্দোলনে আমাদের পাশে ওনাদের কোনও দিন দেখিনি। এখন মনে হচ্ছে ওরাই বহিরাগত।"
শুধু তাই নয়, বিক্ষুদ্ধ সন্দেশখালির মহিলারা গঙ্গারামের উদ্দেশে বলেন, "আমরা চাই ওনাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। আমরা মেয়েরা বুঝে নেব উনি এই কথাগুলো কেন বলেছেন, কার কাছে কত টাকা খেয়ে বলেছেন?"
এদিকে পুরো ঘটনার সিবিআই তদন্ত চেয়েছেন গঙ্গাধর। আদালতের নির্দেশে সন্দেশখালির তদন্তে নেমে গ্রামবাসীদের অভিযোগ জানানোর জন্য একটি ইমেল আইডি দিয়েছিল সিবিআই। শনিবার রাতে ওই ইমেল আইডিতে অভিযোগ জানিয়েছেন গঙ্গাধর। তাঁর দাবি, “ভিডিয়োটি চক্রান্ত। আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুখ ও গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে এটা করেছে।"
গঙ্গাধরকে ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁর স্ত্রী বিমলা কয়াল। তাঁর দাবি, "পুরো বিষয়টি তৃণমূলের চক্রান্ত।" গঙ্গাধরের ছেলেও একই দাবি করেছেন। তিনি বলেন, "তাঁর বাবার ছবি এডিট করা হয়েছে। কথাগুলি সাজিয়ে বসানো হয়েছে।"
লোকসভা ভোট চলাকালীন সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তর্কবিতর্কের পারদ চড়েছে। শনিবার থেকে 'সন্দেশখালিতে বিজেপির সাজানো ঘটনা'- এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। পাল্টা স্টিং ভিডিওটি তৃণমূলের চক্রান্ত দাবি তুলেছে বিজেপি।