
শেষ আপডেট: 8 February 2024 20:35
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার সকাল হতেই ফের তেতে উঠল সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারের দাবিতে পথে নামেন মহিলারা। লাঠি, গাছের ডাল, যে যেমন পেরেছেন হাতে নিয়ে সামিল হয়েছেন মিছিলে। অপ্রীতিকর যে কোনও পরিস্থিতি রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।
সন্দেশখালি থানার দিকে মিছিল এগোতেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। স্থানীয়দের অভিযোগ, দুই তৃণমূল নেতাকে আশ্রয় দিয়েছে পুলিশ। পুলিশ আধিকারিকরা বোঝানোর চেষ্টা করছেন গ্রামবাসীদের। থানার দিকে যাতে কিছুতেই মিছিল না যায় তার চেষ্টা করছেন পুলিশকর্তারা। রেশন দুর্নীতিতে অভিযুক্ত পলাতক শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত উত্তম ও শিবু। বুধবার সন্ধেয় উত্তম সর্দারের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় গ্রামবাসীরা। অফিস ভাঙচুর করা হয় শিবু হাজরার। বেধড়ক মারধর করা হয় উত্তম সর্দারকে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও গ্রামবাসীরা বাধা দেয় বলে বুধবার রাতেই অভিযোগ উঠেছিল।
কয়েকদিন ধরে ভেরি নিয়ে সন্দেশখালির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভেরি মালিকদের একাংশকে নিয়ে যেমন বিজেপি মিছিল করছে, তেমনই পিছিয়ে নেই তৃণমূলও। বুধবার এই মিছিল থেকেই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের দাবি, শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচারে গ্রামের মানুষ রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। শাহজাহান অনুগামী দুই নেতাই তাই তাদের ক্ষোভের নিশানা হন।
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত অবশ্য গ্রামবাসীদের বক্তব্য উড়িয়ে দেন। তাঁর দাবি, বিজেপি ও সিপিএম এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাঁরাই গ্রামবাসীদের উস্কানি দিচ্ছে। তিনি বলেন, "উত্তম সর্দারের কাছে সন্দেশখালি পাত্রপাড়ার আট থেকে দশটা পরিবার মাছের টাকা পায়। কিন্তু এটাকে একটা ইস্যু তৈরি করে, বিরোধীরা লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে চাইছে। সন্দেশখালি শান্তিপ্রিয় জায়গা। বিজেপি-সিপিএম পরিকল্পিতভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশকে অ্যাকশান নিতে বলেছি।"