.webp)
শেষ আপডেট: 12 May 2024 07:40
দ্য ওয়াল ব্যুরো: ৪ মে'র পর ১১ মে। এক সপ্তাহের ব্যবধানে ফের প্রকাশ্যে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের দ্বিতীয় ভিডিও (এই সংক্রান্ত কোনও ভিডিওয়র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)।
৪৬ মিনিট ৭ সেকেন্ডের স্টিং অপারেশনের ওই ভিডিওয়র শুরুতেই বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা যাচ্ছে, 'সন্দেশখালিতে নারী নির্যাতনের প্লট সাজানো! ৭২ জন মহিলাকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছিল!'
শনিবার রাতেই কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজ্যের চারটি এলাকায় তাঁর নির্বাচনী সভা রয়েছে। তার মাঝেই সন্দেশখালি কাণ্ডে বিজেপি নেতার দ্বিতীয় ভিডিও ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি।
৪ মে গঙ্গাধরের প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, এজন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন।
গঙ্গাধরের ওই ভিডিও সামনে আসার পর নির্যাতিতাদের একাধিক ভিডিও ভাইরাল হয়। যেখানে মহিলাদের বলতে শোনা গিয়েছে, সাদা কাগজে সই করিয়ে পরে তাতে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল।
ফের ১১ মে অর্থাৎ শনিবার রাতে ভাইরাল হওয়া স্টিং অপারেশনের ভিডিওয় সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা যাচ্ছে, 'আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে ‘অর্থ’ ও ‘অস্ত্র’—দু’য়েরই প্রয়োজন রয়েছে! আপাতত আমার চলার জন্য এক লক্ষ টাকা লাগবে। সঙ্গীদের মোটরবাইকে তেল ভরার ব্যবস্থাও করতে হবে। মদের জন্য ৫০টি বুথে ৫ হাজার টাকা করে দিতে হবে। প্রয়োজন ৫০টি পিস্তলও।’
সোমবার চতুর্থ দফায় রাজ্যের আটটি কেন্দ্রে ভোট হবে। তার আগে বিজেপি নেতার এহেন বয়ান সামনে আসায় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে ফের শোরগোল তৈরি হয়েছে।
যদিও বিজেপির পাশাপাশি গঙ্গাধরও ভাইরাল হওয়া ভিডিওকে 'ফেক' বলে দাবি করে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। চেয়েছেন সিবিআই তদন্তও। রবিবারের সভা থেকে মোদী এব্যাপারে কিছু বলেন কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে!