
সন্দেশখালিতে এনএসজি রোবট -নিজস্ব চিত্র
শেষ আপডেট: 26 April 2024 20:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভেড়ি ঘেরা সন্দেশখালিতে কোথায় কোথায় লুকোনো আছে বিস্ফোরক, খুঁজে বার করতে কাজ শুরু করল এনএসজির উন্নত প্রযুক্তির রোবট।
এনএসজির কম্যান্ডোরা এলাকায় পৌঁছেই উন্নত প্রযুক্তির এই রোবটটিকে বিস্ফোরক খোঁজার কাজে লাগায়। হাই ডেনসিটির ক্যামেরা লাগানো রয়েছে রোবটটিতে। আলপথ ধরে সেটিকে নিয়ে যাওয়া হয় আবু তালেবের বাড়ির দিকে। বড় বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কায় গোটা এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এরপরেই নতুন করে তল্লাশি শুরু করে এনএসজির বম্ব ডিসপোজাল শাখার কর্মীরা। শুক্রবার সকালে সিবিআইয়ের তল্লাশিতে আবু তালেবের বাড়ির মেঝে খুঁড়ে একাধিক অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মেলে অসংখ্য বোমা। মেঝে খুঁড়ে একটি বাক্সেরও হদিশ মেলে। এই বাক্সে প্রচুর বিস্ফোরক রয়েছে বলে আশঙ্কা করেই এনএসজিকে খবর দেওয়া হয়।
বেলা গড়াতেই পৌঁছয় এনএসজির টিম। ঘটনাস্থলে রাতারাতি কন্ট্রোল রুম তৈরি করে সেখান থেকে রোবট দিয়ে তল্লাশি অভিযান শুরু করে এনএসজির টিম। ক্যামেরা লাগানো এই রোবটের মাধ্যমে দূর থেকেই বিস্ফোরকের হদিশ পাওয়া সম্ভব। রোবটের আর্ম তল্লাশি চালানোয় বিপদের আশঙ্কাও কম।