
শেষ আপডেট: 5 March 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।
আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই শীর্ষ আদালতে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। রাজ্যের হয়ে মামলাটি লড়ার কথা ছিল আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির।
সূত্রের খবর, শীর্ষ আদালত অবশ্য হাইকোর্টের নির্দেশের ওপরে কোনও স্থগিতাদেশ দেয়নি। বরং রেজিস্টার জেনারেলের কাছে মামলাটি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আইনজীবীদের মতে, দ্রুত শুনানি হচ্ছে না। অর্থাৎ প্রাথমিকভাবে শীর্ষ আদালতেও ধাক্কা খেল রাজ্য। যার অর্থ সন্দেশখালি কাণ্ডে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্য পুলিশকে।
সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল। এ ছাড়া বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। ওই তিন মামলার তদন্তভারই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
শেখ শাহাজাহানকে গত বৃহস্পতিবার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। কিন্তু শাহজাহানকে গ্রেফতারের দিনই ইডি জানিয়েছিল, তারা দ্রুত শাহজাহানের হেফাজত চাইবে। তা ছাড়া ইডি গোড়া থেকে এই দাবিও জানিয়ে এসেছে যে, তাদের উপর হামলার ঘটনার তদন্ত যে রাজ্য পুলিশকে দিয়ে না করানো হয়। সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের ব্যাপারেও তাদের ভরসা নেই। কারণ, রাজ্য পুলিশ সহযোগিতার করবে না। তাই এই তদন্তভার শুধু সিবিআইকেই দেওয়া হোক।
এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।