
শেখ শাহজাহান
শেষ আপডেট: 5 April 2024 11:16
দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান। তারপর থেকে জনসমক্ষে খুব একটা মুখ খোলেননি তিনি। কিন্তু গত বুধবার সংবাদমাধ্যমে প্রথমবার তিনি প্রতিক্রিয়া দেন। দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একদিনের ব্যবধানে আবার মুখ খুলেছেন শাহজাহান। এবার তাঁর সরাসরি নিশানা বিজেপিকে।
শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর মুখে বিজেপিকে নিয়ে মন্তব্য করেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত। তাঁর কথায়, যা অভিযোগ করা হচ্ছে সব মিথ্যে। সব বিজেপির দালালরা করাচ্ছে!
দু'দিন আগে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করা শাহজাহান এদিন সোজাসুজি বিজেপিকে আক্রমণ করলেন। যদিও কাদের তিনি দালাল বললেন সেটা স্পষ্ট হয়নি। তবে গ্রেফতারির আগে বিভিন্ন জায়গায় নিজের বক্তৃতায় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ‘বিজেপির দালাল’ বলেছেন শাহজাহান।
গ্রেফতার হওয়ার পর এখন সিবিআই হেফাজতে আছেন শাহজাহান। তবে তাঁর ওপর চাপ বাড়িয়েছে ইডিও। কারণ সম্প্রতি শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শাহাজাহানের ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও তাঁর মাছ ব্যবসা সংক্রান্ত অন্য একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
এই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও শাহজাহানের আরও কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্যে নজরে রাখছে ইডি। শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য খতিয়ে দেখে প্রায় ১৩৩ কোটি টাকার হদিশ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এখনও অন্তত ১৫টি অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের ওপর নজর রাখছে তাঁরা।
বৃহস্পতিবার আবার সন্দেশখালি মামলায় বড় পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, সন্দেশখালির ঘটনা যদি ১ শতাংশ সত্যি হয়, তাহলেও ১০০ শতাংশ লজ্জার। সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে জমা হওয়া পুরনো ৪২টি মামলার কী অবস্থান তা জানতে চেয়েছে আদালত। এই মর্মে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে ইডি ওই মামলার দায়িত্ব নিতে চাইলে এখনই সেই দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সিকে দিতে নারাজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।