
শেষ আপডেট: 15 February 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির শুরু থেকেই উত্তপ্ত সন্দেশখালি। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তাঁর গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে গ্রামের মহিলাদের নিগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও।
বৃহস্পতিবার এব্যাপারে বিজেপির রাজ্য নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের একটি অডিং ক্লিপিংস শুনিয়ে (যেখানে একটি মহিলা কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, হ্যাঁ, আমরা প্ল্যান করছি সিঙ্গুর, নন্দীগ্রামের ধাঁচে সন্দেশখালিতে আন্দোলন গড়ে তোলা যায় কিনা, কুণাল ঘোষের দাবি মহিলা কণ্ঠটি অগ্নিমিত্রা পলের) সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “বিজেপি এবং সিপিএম যৌথভাবে লোক খ্যাপানোর চেষ্টা করছে।” এই অডিও ক্লিপিংসের সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি।
কুণালের আরও দাবি, সন্দেশখালির যে অঞ্চলে নারী নির্যাতনের অভিযোগ করা হচ্ছে, সেখানে তৃণমূল দুর্বল। সংশ্লিষ্ট অঞ্চলটিতে ২০১১, ২০১৬, ২০১৯ এবং ২০২১ সালেও সিপিএম লিড পেয়েছে।
তাঁর কথায়, “ওখানে লিড সিপিএমের। সেখানে রাতের পর রাত তৃণমূল নাকি মেয়েদের ওপরে অত্যাচার করতো? এখন তো সবার হাতে হাতে মোবাইল, বৃহৎ ঘটনা হলে নিশ্চয়ই তো সামনে চলে আসতো। আসলে বিজেপি-সিপিএম মিলে ভূতের গল্প ছড়াচ্ছে। সবাই শুনেছে ভূতের কথা, কিন্তু কেউ দেখেনি, এর মানে কী?”
কুণালের আরও প্রশ্ন, “গণ নারী নির্যাতনের যে অভিযোগের কথা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। তর্কের খাতিরে যদি ধরে নিই, মহিলারা ভয়ে না বলে থাকেন, তাহলে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কিংবা বিজেপির বিকাশ সিং, এরা এতদিন কেন অভিযোগ সামনে আনেননি। কারণ, এরকম কোনও ঘটনাই ঘটেনি। ভিত্তিহীন গল্পের ফানুস তৈরি করে লোককে খ্যাপানোর চেষ্টা হচ্ছে।”