
বহরমপুরের সন্দীপ এই ফ্ল্যাটেই থাকতেন
শেষ আপডেট: 9 September 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি শেষেই আরজি কর হাসপাতালে আসেন সিবিআই আধিকারিকরা। এবার বহরমপুরের বাবুপাড়ায় হদিস মিলল সন্দীপ ঘোষের আরও এক ফ্ল্যাটের।
আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। এদিন মামলার শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পারদিওয়ালা সিবিআইয়ের রিপোর্ট খুঁটিয়ে পড়েন।
পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'সিবিআই তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা চলুক। তার পর আরও একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করুক সিবিআই।
শুনানি শেষের পর পরই এবার হাসপাতাল চত্বরে ঢোকেন সিবিআই আধিকারিকরা। এবার এই আবহেই মুর্শিদাবাদে সন্দীপ ঘোষের ফ্ল্যাটের হদিশ মিলল।
বিলাসবহুল গাড়িতে করে এসে নাকি বাবুপাড়ার ৪ই ফ্ল্যাটে থাকতেন সন্দীপ। ওই আবাসনের বাসিন্দারা বলছেন, 'বেশ কয়েক বছর থেকে সন্দীপ ঘোষের ঘরটি তালা বন্ধ অবস্থায় রয়েছে'।
এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হতেই সন্দীপের একটি বাংলো বাড়ির হদিশ পাওয়া যায় ক্যানিংয়ে। সবুজে ঘেরা সেই বাংলো বাড়ির নাম ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’। এবার বহরমপুরে মিলল ফ্ল্যাটের হদিশ।
মঙ্গলবার অর্থাৎ ১৭ তারিখ সুপ্রিম কোর্টে ফের শুনানি হতে পারে। সেখানে দ্বিতীয় রিপোর্ট পেশ করবেন সিবিআই-এর অফিসাররা। এখন দেখার, তদন্তকারী অফিসাররা এই ফ্ল্যাটের উল্লেখ করেন কিনা।