দ্য ওয়াল ব্যুরো: এক ঝলক দেখলে মনে হবে ট্যাব। বড়সড় চকচকে স্ক্রিন আর জেল্লাদার রঙে চোখ টানবেই। কিন্তু চমক আছে। দু'পাশ থেকে আলতো করে চাপ দিলেই ট্যাব সোজা ভাঁজ হয়ে সটান পকেটে ঢুকে যাবে। এই ভাঁজটা করা যাবে যে কোনও পর্যায়ে। আধাআধি ডিম্বাকারে রেখে ফোনে যাবতীয় কাজ করা যাবে। সে ক্ষেত্রে স্ক্রিনটা মাঝ বরাবর দু'ভাগ হবে। আবার চাইলে পুরোপুরি ফোল্ড করা যাবে। স্মার্টফোনের বাজারে এমন ফোল্ডেবল ফোন এই প্রথম। আজ, বুধবার ভারতের বাজারে এই ফোল্ডেবল নতুন মডেল লঞ্চ করল স্যামসাং।
স্যামস্যাং গ্যালাক্সি ফোল্ড। চলতি বছর ফেব্রুয়ারি থেকেই এই ফোন নিয়ে কানাঘুষো চলছে। এমন ভাঁজ করা ফোন কতদিন টিকবে সে নিয়েও প্রশ্ন ওঠে বিস্তর। মার্কিন মুলুকে গ্যালাক্সি ফোল্ড লঞ্চ করেছে দিন দুই আগে। স্যামসাং জানিয়েছেন, লঞ্চের আগে অন্তত দু'লক্ষ বার ভাঁজ করে আর ভাঁজ খুলে ফোনের পরীক্ষা হয়েছে। এখনও অবধি গ্রাহকদের মতামত সন্তোষজনক।

কী কী থাকছে স্যামসাং গ্যালাক্সির ফোল্ডেবল মডেলে?
এই ফোনে থাকছে দুটি ডিসপ্লে স্ক্রিন। ফোনের ভিতরের দিকে থাকছে ৭.৩ ইঞ্চি ডায়নামিক ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লে স্ক্রিন ভাঁজ করা যাবে। আর বাইরের দিকে থাকছে ৪.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার ছবির রেজোলিউশন হবে ৮৪০*১৯৬০। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের ফোনে থাকছে অক্টাকোর চিপসেট। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজে মিলবে এই ফোল্ডেবল মডেল।
স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের ক্যামেরাতেও রয়েছে বিশেষত্ব। এই ফোনে থাকছে ৬টি ক্যামেরা। তিনটি রিয়ার বা ব্যাক ক্যামেরা এবং বড় স্ক্রিনের সঙ্গে দুটি সেলফি সেন্সর দেওয়া ক্যামেরা। তা ছাড়া ফ্রন্ট ক্যামেরা তো রয়েছেই।
তিনটি রিয়ার ক্যামেরার একটি ১৬ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং তৃতীয়টি ১২ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। সামনের দু'টি ক্যামেরা ১০ মেগাপিক্সেল প্রাউমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আরজিবি ডেপথের। কভার ক্যামেরায় থাকছে ১০ মেগাপিক্সেল সেলফি সেন্সর।
৪,৩৮০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে খুব দ্রুত। ওয়্যারলেস চার্জিং-এরও সুবিধা আছে।

তা ছাড়া, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.০, এনএফসি ও এউএসবি টাইপ-সি পোর্ট তো রয়েছেই। ভাঁজ করা থাকলে ফোনের আয়তন ৬২.৮*১৬০.৯*১৭.১ মিমি এবং ভাঁজ খুললে আয়তন ১১৭.৯*১৬০.৯*৭.৬ মিমি।
স্যামসাঙের নতুন ফোল্ডেবল মডেলের দাম যে বেশি হবে সেটা বলাই বাহুল্য। ভারতের বাজারে ফোনের দাম শুরু হবে ১ লক্ষ ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। আগামী শুক্রবার থেকে সমস্ত অনলাইন স্টোরে পাওয়া যাবে এই ফোন।
