দ্য ওয়াল ব্যুরো: বয়স তার মাত্র ৮। এর মধ্যেই একের পর এক মহাদেশের পর্বতশৃঙ্গ চড়ে ফেলে রেকর্ড গড়ছে এই খুদে। হায়দরাবাদের এই ছোট্ট পর্বতারোহী সদ্য আরোহণ করেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চূড়া। তবে এই প্রথম নয়। এই বছরের গোড়াতেই আরও একটি রেকর্ড গড়েছে সে। তানজানিয়াতে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জেরোতে আরোহণ করে ফেলেছে খুদে।
সামান্যু পোথুরাজু নামের ওই খুদে, তার মা এবং বোন-সহ একটি পাঁচ সদস্যের পর্বতারোহী দল ১২ ডিসেম্বর আরোহণ করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, ২২২৮ মিটার উঁচু মাউন্ট কোসিয়ুজকো। সামান্যু বলে, "এখনও পর্যন্ত আমি চারটে পর্বত শৃঙ্গ আরোহণ করেছি। আমার পরবর্তী লক্ষ্য জাপানের মাউন্ট ফুজি। সেখানে চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।" বড় হয়ে এই খুদে পর্বতারোহী অবশ্য বিমান বাহিনী অফিসার হওয়ার স্বপ্ন দেখে।
সামান্যুর পাাড়ে চড়ার ইচ্ছা জন্মায় স্কুল থেকেই। স্কুলের একটি অনুষ্ঠানেই প্রথম পাহাড় ছোঁয়ার স্বপ্ন দেখতে শুরু করে সামান্যু। তবে সামান্যু ও তার দলের একটি বৈশিষ্ট্য আছে। তাদের দলের সকলেই যে কোনও আরোহণের সময়ে তেলঙ্গানা হ্যান্ডলুমের তৈরি পোশাক পরে। রাজ্যের হ্যান্ডলুম তাঁতিদের প্রচারের কথা ভেবেই এমনটি করে তারা।