
শেষ আপডেট: 13 November 2022 13:20
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৪ বছর বয়স। সেই স্যাম কারেনের (Sam Curran) দুরন্ত বোলিং আজ মেলবোর্নে ইতিহাস লিখল। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) বল হাতে জাদু দেখালেন তিনি। পেলেন পরিশ্রমের ফলও। শুধু ফাইনালে (Man of the Match) নয়, বিশ্বকাপে 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' (Man of the Tournament) হলেন স্যাম।
এদিনের ম্যাচে শুধু তিন উইকেট নিলেন তা নয়, ডেথ ওভারে পাকিস্তানকে বেঁধে রাখলেন। তাঁর বোলিং দাপটের সামনে পাকিস্তানের রানের গতি ধাক্কা খায়। ৪ ওভারে দেন মাত্র ১২ রান। ইকোনমি রেট মাত্র ৩। বড় ম্যাচে তাঁর নিয়ন্ত্রিত বোলিংই মোড় ঘুরিয়ে দেয় ম্যাচের।
শুধু এই ম্যাচে নয় গোটা টুর্নামেন্টেই নিজের জাদু দেখিয়েছেন স্যাম। মোট ৬ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ইকোনমি রেট ৬.৫। বিপক্ষের ব্যাটসম্যানকে ডেথ ওভারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন ২৪ বছরের এই ইংরেজ বোলার।
মাত্র ১৭ বছর বয়েসে টি২০তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্যামের। ইতিমধ্যেই খেলে ফেলেছেন ১৪৩টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ। ১৭ বছর বয়েসে ওভালে ২০ হাজার দর্শকের সামনে প্রথমবারের জন্য অবতীর্ণ হন তিনি। ২০১৯-এ আইপিএল নিলামে অন্যতম মূল্যবান ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। প্রথম বছর পাঞ্জাবে থাকলেও স্যামের উত্থান মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়েই। ২০২০ ও ২০২১ এই দুই মরসুমে ধোনির সঙ্গে জুড়ে ছিলেন স্যাম।
এখনও পর্যন্ত আইপিএলে ৩২টি ম্যাচে বল করেছেন এই ব্রিটিশ তরুণ। তার মধ্যে চেন্নাইয়ের হয়েই ২৩টি ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট প্রায় ১৫০ ছুঁইছুঁই। যা এক কথায় অবিশ্বাস্য। সেই স্যাম ইংল্যান্ডের জার্সি গায়ে চলতি বিশ্বকাপে আগুন ঝরালেন।
এক সাক্ষাৎকারে স্যামের কোচ টম মুডি এই ডেথ ওভার স্পেশালিস্ট সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, "স্যাম চ্যালেঞ্জ নিতে ভালবাসে। ডেথ ওভারে বিপক্ষের রান আটকে দিতে একাই প্রস্তুত।" মেলবোর্নে তথা ২০২২ টি২০ বিশ্বকাপে সেটাই দেখল বিশ্ববাসী। ৮০,৪৬২ দর্শকের সামনে তিনিই নায়ক।
নতুন ইতিহাস মেলবোর্নে! পাকিস্তানকে হারিয়ে ‘মধুর’ প্রতিশোধ ইংল্যান্ডের