প্রতিভার কাছে হেরে গেল দারিদ্র্য, ইন্ডিয়ান আইডল ১০-এর মঞ্চে বিজয়ী হরিয়ানার সলমন
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান আইডল ১০-এর মঞ্চে এবার জয় ছিনিয়ে নিলেন হরিয়ানার যুবক সলমন আলি। প্রথম পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও পেলেন ২৫ লক্ষ টাকা। পেলেন একটি গাড়ি। রবিবার রাতে ফল ঘোষণার পর সলমন বলেন, ‘‘আমি দর্শক এবং বিচারকদের ধন্যবাদ দিতে চাই।
শেষ আপডেট: 24 December 2018 16:14
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান আইডল ১০-এর মঞ্চে এবার জয় ছিনিয়ে নিলেন হরিয়ানার যুবক সলমন আলি। প্রথম পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও পেলেন ২৫ লক্ষ টাকা। পেলেন একটি গাড়ি। রবিবার রাতে ফল ঘোষণার পর সলমন বলেন, ‘‘আমি দর্শক এবং বিচারকদের ধন্যবাদ দিতে চাই। তাঁরাই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন।"
সলমনের লড়াইয়ের প্রথম ও প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, চরম দারিদ্র্য। ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছেন সলমন। অভাবের মধ্যেও সাত বছর বয়স থেকে শুরু হয় সঙ্গীত চর্চা। তার পর থেকেই প্রতিভা চিনতে শুরু করেন সকলে। তবে গান নিয়ে এগিয়ে যেতে পারলেও, নবম শ্রেণির পরে আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি সলমনের। ছাড়তে হয় স্কুল। শুরু করতে হয় রোজগারের চেষ্টা।
পারিবারিক সূত্রের খবর, সলমনের বাড়িঘরের অবস্থাও খুব করুণ। তার মধ্যে থেকেই মন ভরানো সুর তুলত সলমন। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসা এই প্রতিভার নামই এখন সকলের মুখে মুখে। সারা হরিয়ানা মেতেছে আনন্দে। সলমন বললেন, "আমার গ্রামের মানুষজনও খুব খুশি। ওখানে মিষ্টি বিলি হয়েছে। বাজিও ফাটানো চলছে বলে শুনলাম।’’
চলতি বছরে এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন অঙ্কুশ ভরদ্বাজ। তৃতীয় স্থানে লড়াই শেষ করেছেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। এঁরা দু’জনেই পুরস্কার মূল্য হিসেবে পাঁচ লক্ষ টাকা পেয়েছেন।
সলমন জানিয়েছেন, মাঝপথে ছেড়ে দেওয়া পড়াশোনা এ বার শেষ করতে চান তিনি। প্রতিযোগিতায় প্রাপ্ত পুরস্কার মূল্য দিয়ে বাড়িতে সাহায্য করতে চান। তবে আসল লক্ষ্য গানই। বলিউডে শক্তপোক্ত জমি খুঁজে নেওয়ার লড়াইটাও এখন থেকেই শুরু করে দিলেন তিনি। সলমন বলেছেন, ‘‘আমরা এখানে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। সকলেই এখানে জিততে এসেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম, যদি জিততে নাও পারি, অনেক মানুষের ভালবাসা তো পাব!"
সলমন অবশ্য ভালবাসা ইতিমধ্যেই পেয়েছেন অনেক। কদর পেয়েছেন প্রতিভারও। তাই তো বরুণ ধাওয়ান অভিনীত সুই-ধাগা সিনেমায় ইতিমধ্যেই একটি গান গেয়ে ফেলেছেন তিনি। এত বড় জাতীয় মঞ্চে জেতার পরে তিনি বলেন, "আমি খুব গরিব পরিবার থেকে এসেছি। আমার বাড়ির চালটাও ভাঙা। এবার সেটা সারাতে পারব। কিছু ঋণও আছে, সে সব শোধ করতে হবে।"
তবে সুযোগ পেলে, এই অবস্থার মধ্যে থেকেও, গরিব মানুষের জন্য কিছু করতে চান সলমন। একই সঙ্গে স্বপ্ন দেখেন, সফল গায়ক হিসেবে বলিউড মাতানোর। ইন্ডিয়ান আইডল ১০-এর মঞ্চই সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছিল বলে মনে করছেন অনেকে।
ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের আসনে ছিলেন নেহা কক্কর, অনু মালিক ও বিশাল দাদলানি। যদিও পরে অনু মালিকের বিরুদ্ধে মি টু-র অভিযোগ আসলে তিনি এই রিয়্যালিটি শো থেকে বেরিয়ে আসেন। পরে তার জায়গায় জাভেদ আলিকে বিচারকের আসনে পাওয়া যায়। সুপার ডান্সার থ্রিয়ের টিম এসে পারফর্ম করেছে এই শোয়ের ফাইনালের দিন। যেখানে শিল্পা শেট্টি ও গীতা কাপুর তাদের শোয়ের প্রচারেই এসেছিলেন এ দিন।