
চুঁচুড়া পুরসভা
শেষ আপডেট: 2 December 2024 19:56
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার থেকে সব পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা।
সেই কথা তাঁরা মাইকে প্রচারও করেছিলেন। বিষয়টি মহকুমা শাসকের কানে যেতে রবিবারই পুর কর্মচারী প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বেতন সমস্যা মেটাতে পনেরো দিন সময় দিতে বলেন কর্মচারীদের। সেই মতো পুরকর্মীরা সোমবার জল-আলো চালু রাখলেও অন্যান্য সব পরিষবা বন্ধ রেখেছেন। সকাল থেকে পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।
পুরকর্মীরা জানান, দু মাস গিয়ে তিন মাসে হয়েছে। তাদের বেতন হয়নি। কবে হবে বলতে পারছেন না পুর কর্তৃপক্ষ।এমতাবস্থায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না। আন্দোলন না করলে কোনও মাসে বেতন হয় না। তাই তারা আন্দোলন করছেন। সোমবার থেকে জল-আলো সহ সব জরুরি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু মহকুমা শাসকের কথায় জল আলো চালু রাখছেন। তবে বেতন না হলে সব কিছু বন্ধ করে দেবেন।
কর্মীদের প্রতিনিধি অসীম অধিকারী,রাধেশ্যাম শঙ্খ বনিকরা বলেন, "সময়ে বেতন প্রায় কোনও মাসেই হয় না। বাকি পরে থাকে কয়েকমাস। এভাবে পেট চলে না। মাসের বেতন দেয়না, অতিরিক্ত কাজের টাকাও বাকি। আমরা চাই এর একটা বিহিত হোক।"
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "কর্মীদের বেতন না হওয়া অমানবিক। দু বছর করোনার সময়ও বেতন হয়েছে। কেন এখন বেতন হচ্ছে না আমি অন্ধকারে।"