দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাস পড়লেই পৃথিবীর নানা দেশের বরফের চাদরে মোড়া শহর, গ্রামের দৃশ্য ইন্টারনেটের কল্যাণে সকলের কাছে পরিচিত। কিন্তু মরুভূমিতে তুষারপাতের দৃশ্য কি সচরাচর চোখে পড়ে! নিশ্চয়ই না। ঠিক এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকতে সাহারা মরুভূমিতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়।

সমীক্ষায় জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে তাপমাত্রার হেরফের হচ্ছিল। এর আগেও কিছু কিছু জায়গায় বরফ পড়তে দেখা গিয়েছে। কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমির বালির উপর পুরু বরফের আস্তরণ দেখা যায়নি এর আগে। সে কারণে বেজায় খুশি স্থানীয় বাসিন্দারাও। মরুভূমির এই নৈসর্গিক সৌন্দর্যের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক মরুভূমিতেই এই দৃশ্য দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উঁচু আইন সাফরাকে বলা হয় সাহারা মরুভূমির প্রবেশদ্বার। অ্যাটলাস পর্বতশ্রেণি দিয়ে বেষ্টিত এই অঞ্চলে আর্দ্রতার হারই বেশি। এই অঞ্চলেও কিছুদিন ধরে তাপমাত্রা কমে গিয়েছে অনেকটাই। এখানেও শুরু হয়েছে তুষারপাত। এখানকার স্থানীয় বাসিন্দাদের তোলা নানা ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সবথেকে বেশি নজর কেড়েছে, বরফে ঢাকা মরুভূমির একপাশে দাঁড়িয়ে থাকা উটেদের ছবি। শুধু তাই নয়, বরফের মধ্যেই উটেদের পিঠে চড়ে সওয়ারিও করছেন বহু পর্যটক।

গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা থাকে প্রায় ৫০ ডিগ্রির আশেপাশে। মরুভূমিতে শীতকালে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। বিশেষ করে সূর্যাস্তের পরে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ে মরুভূমিতে। কিন্তু তুষারপাতের মতো বিরল দৃশ্য দেখার আশা কেউই প্রায় করেন না। সোশ্যাল মিডিয়ায় দেখা মরুভূমিতে বরফের ছবি দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, বরফের চাদরে মোড়া সাহারা মরুভূমি যেন স্বপ্নের মতোই সুন্দর।

