
শেষ আপডেট: 15 February 2024 11:11
দ্য ওয়াল ব্যুরো: ১১ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারজনের নাম ঘোষণা করা হয়েছে। এই চারজন হলেন সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ। তৃণমূলের প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি চর্চা হচ্ছে সাংবাদিক সাগরিকা ঘোষকে নিয়ে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন সাগরিকা।
সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী সাগরিকা নিজেও দিল্লিতে সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে বহুদিন ধরে সাংবাদিকতা করছেন। এছাড়া ইন্দিরা গান্ধী ও অটলবিহারী বাজপেয়ীর জীবন নিয়ে দুটি বই লিখেছিলেন। তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন এবং তাও তৃণমূল কংগ্রেসে, এই খবর অনেককেই চমকে দিয়েছে। ঘাসফুলে যোগ দিয়ে দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাগরিকা।
ভিডিও বার্তায় সাগরিকা বলেছেন, ''আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই বড় দায়িত্ব দিয়েছেন। এটা একটা চমৎকার সুযোগ দেশের গণতন্ত্রের জন্য কাজ করার।'' তিনি আরও বলেন, বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে তাঁদের কথা পৌঁছতে চান।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্বিত সাগরিকা, দিলেন ভিডিও বার্তা#MamataBanerjee #sagarikaghosh #TheWallBangla pic.twitter.com/FRSV8tdSVi
— The Wall (@TheWallTweets) February 15, 2024
মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কতটা উৎসাহিত করেন সেটাও ভিডিও বার্তায় জানিয়েছেন সাগরিকা। তাঁর কথায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মহিলাদের এগিয়ে রাখেন, তাঁদের সুযোগ করে দেন। তিনি নিজের মহিলা হয়ে এই ব্যাপারটি নিয়ে গর্বিত, মন্তব্য সাগরিকার।
এর আগে আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেলকে রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল। অনেকের মতে, লোকসভায় মহুয়া মৈত্রর মতো রাজ্যসভায় আরও একজন বলিয়ে কইয়ে মুখকে আনতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই রাজ্যসভায় প্রার্থী করা হল সাগরিকা ঘোষকে।