
শেষ আপডেট: 26 February 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহাজাহানের গ্রেফতারি নিয়ে যেটুকু ধোঁয়াশা ছিল তা কাটিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার দাবি করেছিলেন, আদালতের কারণেই শাহজাহানকে গ্রেফতার করা যায়নি। সোমবার হাইকোর্ট জানিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোর্টের কোনও বাধা নেই। রাজ্য পুলিশ চাইলেই তাকে গ্রেফতার করতে পারে। তৃণমূলের রাজ্যসভা ভোটের প্রার্থী সাগরিকা ঘোষ আদালতের নির্দেশের পরই বিজেপিকে নিশানায় নিয়েছেন।
সন্দেশখালি নিয়ে বিজেপি যে ষড়যন্ত্র করছে, এমন দাবি আগেই করেছিলেন সাগরিকা। এখন শাহজাহানের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ জানার পর তাঁর বক্তব্য, ''মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধের ঘটনায় স্পষ্ট জিরো টলারেন্সের কথা বলেছেন। সেই প্রেক্ষিতে বাংলায় যে কাজ হচ্ছে সেটা স্পষ্ট। কাউকে রেয়াত করা হবে না। সন্দেশখালির ঘটনায় ইতিমধ্যে ২০ জনের বেশি গ্রেফতার হয়েছে। শাহজাহানের দুই অনুগামীও পুলিশের জালে।'' সাগরিকার কথায়, সন্দেশখালি নিয়ে যারা (পড়ুন বিজেপি) রাজনীতি করতে চাইছে, তাদের খারাপ সময় শুরু হয়েছে।
To those trying ( in vain) to politicise the #Sandeshkali incidents. Thread. The Bengal government promised action, is acting and will act. ZERO tolerance on crimes against women. Law will take its course and is in motion. 1/5
— Sagarika Ghose (@sagarikaghose) February 26, 2024
অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানের গ্রেফতারি নিয়ে হাইকোর্ট প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন সেই সুরেই সাগরিকা বলেছেন, ''গত ৭ ফেব্রুয়ারি আদালত সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়ায় রাজ্য পুলিশের হাত-বাঁধা পড়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সরব হওয়ার পর হাইকোর্ট বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। তারপরই শাহজাহানের নামে নতুন মামলা হয়েছে। তাঁর ভাইয়ের নামেও মামলা রুজু হয়েছে।'' এই প্রসঙ্গেই মণিপুর ও মহিলা কুস্তিগীরদের প্রসঙ্গ টেনে বিজেপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন সাগরিকা।
উত্তরপ্রদেশে লাগাতার মহিলাদের নিপীড়ন করা হয় বলে অভিযোগ তুলেছেন সাগরিকা। পাশাপাশি মহিলা কুস্তিগীরদের সঙ্গেও কী হয়েছিল, সেটাও মনে করানোর চেষ্টা করেছেন। এছাড়া মণিপুর ইস্যুতে বিজেপি সরকার কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছেন তিনি। সন্দেশখালি নিয়ে তাঁর সাফ কথা, জায়গায় জায়গায় পুলিশ ক্যাম্প করে মহিলা এবং এলাকাবাসীর অভিযোগ নিচ্ছে পুলিশ। খুব তাড়াতাড়ি ধরা পড়বে শেখ শাহজাহান।
সোমবারই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, ৭ দিনের মধ্যে গ্রেফতার হবেন সন্দেশখালির মূল অভিযুক্ত। টুইট করে কুণাল ঘোষ বলেছেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ।''