
শেষ আপডেট: 14 May 2023 17:08
দ্য ওয়াল ব্যুরো: ভারতে সাফ কাপ ফুটবল (Saff Football) চ্যাম্পিয়নশিপে খেলতে আসছে পাকিস্তান (India Vs Pakistan)। রবিবারই এই বিষয় চূড়ান্ত খবর জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
২১ জুন থেকে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। নেপাল, ভুটান, বাংলাদেশ ও মালদ্বীপ অংশগ্রহণ করবে। ফিফার নির্বাসন থাকায় শ্রীলঙ্কা খেলতে পারবে না। আফগানিস্তানও খেলবে না তারা মধ্য এশিয়ায় যুক্ত হয়েছে বলে।
ফেডারেশনের পক্ষে মহাসচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন, সাফে পাকিস্তান আসছে। আমাদের আশা ভারত সরকার কোনও আপত্তি জানাবে না। কারণ সম্প্রতি এক দাবা আসরেও পাক দল খেলতে এসেছিল। ফুটবলেও তারা সবুজ সংকেত দেবে।
ক্রিকেটে এশিয়া কাপ নিয়ে জটিলতা রয়েছে। এমনকী অক্টোবরে ওয়ান ডে বিশ্বকাপে পাক দল আসবে কিনা, সেই নিয়েও চলছে জল্পনা। তার মধ্যে ফুটবলে আসছে পাক দল, এটি যথেষ্ট ভাল খবর।
রবিবার দুপুরে দিল্লি থেকে ফেডারেশনের মিডিয়া ম্যানেজার জয়দীপ বসুও জানিয়েছেন, বুধবার দিল্লিতেই টুর্নামেন্টের সূচি ঘোষণা হবে পাক দলকে রেখেই। ওরা খেলবে।
পাশাপাশি আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্টেও অংশ নেবে ভারতীয় দল। ভুবনেশ্বরে খেলবে চারটি দল। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তান। সাফের আগেই হবে ওই আন্তর্জাতিক আসর। সাফের ফাইনাল ৪ জুলাই।
কোহলির আইপিএলে বিরল নজির, বেঙ্গালুরুর হয়ে ২৫০তম ম্যাচ খেললেন বিরাট