
শেষ আপডেট: 9 November 2022 12:27
দ্য ওয়াল ব্যুরো: পল পোগবা, ফিলিপ কুটিনহো তারপর সাদিও মানে। আরও একজন মহাতারকার খেলা দেখা থেকে বঞ্চিত হতে চলেছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগাল তারকা (Sadio Mane ruled out)।
বুধবার সকালেই জানা গিয়েছিল, সাদিও মানের পায়ে আঘাত লেগেছে। কিন্তু তা কতটা গুরুতর তা স্পষ্ট ছিল না। কিন্তু সন্ধের মুখেই সেনেগাল ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়ে দিল, দোহাগামী বিমানে উঠতে পারবেন না সাদিও মানে। তাঁর যা চোটের অবস্থা তাতে অন্তত পাঁচ সপ্তাহ পায়ে বল নিতে পারবেন না।
মঙ্গলবার বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের খেলা ছিল ওয়ের্ডার ব্রেমানের বিরুদ্ধে। সেই ম্যাচেই প্রথম কোয়ার্টারে চোট পান মানে। ডান হাঁটুতে তাঁর এমনই চোট লাগে যে ২০ মিনিটের মাথায় তাঁকে তুলে নিতে হয় মিউনিখ তারকাকে।
তারপর এদিন জানা গেল, সাদিও মানে বিশ্বকাপটাই খেলতে পারছেন না। যা সেনেগালের জন্য বড় ধাক্কা তো বটেই, মানের খেলা যাঁরা সারা বছর দেখেন তাঁরাও মিস করবেন এই আফ্রিকান তারকাকে।