
শেষ আপডেট: 7 October 2023 12:30
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পর এবার কলকাতা। সব কিছু ঠিক থাকলে শনিবার দুপুর ১টায় দলের সেক্টর ফাইভের অফিসে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। এদিন সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দরে নামেন সাধ্বী।
আচমকা কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর কলকাতা সফর এবং সাংবাদিক বৈঠকের নেপথ্যে রাজভবনের সামনে অভিষেকদের ধর্না আন্দোলনের যোগসূত্র দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের এমন সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য। শনিবার তৃণমূলের প্রতি সুকান্তের বার্তা, “‘তৃণমূলের নেতারা দেখা করতে চাইলে বিজেপি দফতরে আসুন। মন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়ে যান। আমি সব ব্যবস্থা করে দেব।’’
প্রসঙ্গত, সাধ্বী নির়ঞ্জনের এই সফর নিয়ে শুক্রবারই তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবারই অভিষেক জানিয়েছিলেন, উনি কলকাতায় আসতেই পারেন। কিন্তু বঞ্চিতদের সঙ্গে কথা বলতে হলে আসতে হবে রাজভবনে।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচিতে বসেছিল তৃণমূল। ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূলের প্রতিনিধি দলের। অভিযোগ, দেড় ঘণ্টা বসিয়ে রেখেও দেখা না করে পালিয়ে যান সাধ্বী নিরঞ্জন। প্রতিবাদে কৃষি ভবনের সামনেই বিক্ষোভে বসেন অভিষেকেরা। বিক্ষোভ হঠাতে তাঁদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
রাত ১১টা নাগাদ থানা থেকে বেরিয়েই অভিষেক জানিয়েছিলেন রাজভবন অভিযানের কথা। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। তাই তাঁর কাছে ২০ লক্ষ বঞ্চিত মানুষের বকেয়া প্রাপ্যের দাবি জানাতে গত ৫ অক্টোবর রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেরল থেকে দিল্লি হয়ে উত্তরবঙ্গে চলে যান রাজ্যপাল। এমনকী চিঠির জবাবে তৃণমূলের প্রতিনিধি দলকে উত্তরবঙ্গে দেখা করার পরামর্শ দেন সিভি আনন্দ বোস।
এরপরই ৫ সেপ্টেম্বর সন্ধেয় অভিষেক ঘোষণা করেন, রাজ্যপালের সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি ধর্না মঞ্চ ছেড়ে যাবেন না। এমনকী প্রয়োজনে পুজোর সময়ও তিনি ধর্না মঞ্চেয়ই থাকবেন বলেও শুক্রবার জানান। পাল্টা হিসেবে রাজভবনের তরফে ফের জানানো হয়, চাইলে শনিবার তাঁরা উত্তরবঙ্গে এসে দেখা করতে পারেন।
রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে শনিবার উত্তরবঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিন সদস্যের প্রতিনিধি দল। তবে সেখানে স্মারকলিপি জমা দেবেন না। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তাঁরা রাজ্যপালকে জানিয়ে আসবেন, তাঁর অপেক্ষায় রাজভবনের সামনে ধর্না চলছে। তিনি সময় করে যেন রাজভবনে ফিরে আসেন। রাজভবনেই তাঁর সঙ্গে কথা বলতে চান আন্দোলনকারীরা।
এমন আবহে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কলকাতা সফর এবং তৃণমূল নেতাদের প্রতি বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য বাড়তি জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে। তাঁদের একাংশের মতে, রাজভবনের সামনে তৃণমূলের ধর্না অবস্থান ঘিরে যথেষ্ট চাপে গেরুয়া শিবির। তাই কৌশল ঠিক করতে এবং জনমানসে পাল্টা পাল্টা দিতেই তাঁর এই কলকাতা সফর।