দ্য ওয়াল ব্যুরো : রাজস্থানে বিধানসভা নির্বাচনে ভোটদাতাদের সরকার বিরোধী মনোভাবের ধাক্কায় ভরাডুবি হতে পারে বিজেপির। ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বিরোধ শুরু হয়েছে কংগ্রেসে । দলে এখন দুটি গোষ্ঠী । একদল অশোক গেহলটের সমর্থক, আর একদল শচীন পাইলটের ।
প্রার্থী তালিকা নিয়ে গোলমাল শুরু হয়েছে বিজেপিতেও। ভোটে টিকিট না পেয়ে দল ছেড়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুরেন্দ্র গোয়েল। তাঁর বেশ কয়েকজন অনুগামীও দল ছেড়েছেন।
কংগ্রেসে শচীন পাইলট ও অশোক গেহলোট, দুজনেরই নাম শোনা যাচ্ছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে । কংগ্রেসকর্মীরা একসময় চেয়েছিলেন, দুজনের কারও ভোটে দাঁড়ানোর দরকার নেই । তাঁরা বরং রাজ্যের নানা প্রান্তে গিয়ে প্রচার করুন । কিন্তু বুধবার এক সাংবাদিক বৈঠকে জানানো হল, প্রার্থী হচ্ছেন দুজনেই ।
এদিন অশোক গেহলোট ও শচীন পাইলট সাংবাদিক বৈঠকে করেন। অশোক গেহলোট বলেন, আমি ও শচীন পাইলট, দুজনেই ভোটে দাঁড়াব । শচীন বলেন, কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর নির্দেশে গেহলটজি এবং আমি দুজনই বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব স্থির করেছি।
রাজস্থানে ভোট ৭ ডিসেম্বর । ফলপ্রকাশ ১১ ডিসেম্বর । কংগ্রেস কর্মীদের একাংশ চান, অশোক গেহলট সদরপুরা এবং শচীন পাইলট আজমের থেকে দাঁড়ান । অথবা তিনি দৌসা থেকেও দাঁড়াতে পারেন। সেখানে একসময় দাঁড়াতেন তাঁর বাবা । বুধবার সকালেই দৌসার বিজেপি সাংসদ হরিশ মিনা যোগ দিয়েছেন কংগ্রেসে।
বিজেপির দলত্যাগী নেতা সুরেন্দ্র গোয়েল জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসাবে লড়বেন জয়তারণ থেকে। বিজেপির আদিবাসী কল্যাণ মন্ত্রী নন্দলাল মিনাও এবার টিকিট পাননি । তবে তাঁর ছেলে হেমন্ত মিনাকে প্রতাপগড় কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের জেরে দল থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন সাধারণ সম্পাদক কুলদীপ ধনকার । তিনি চেয়েছিলেন বিরাটনগর কেন্দ্র থেকে দাঁড়াতে । দল তাঁর জায়গায় ফুলচাঁদ ভিন্দাকে ওই কেন্দ্রে দাঁড় করাচ্ছে । কুলদীপ জানিয়েছেন, তিনিও নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবেন ।
বসুন্ধরা রাজে মন্ত্রিসভার নজন মন্ত্রী প্রথম প্রার্থী তালিকায় স্থান পাননি । প্রথম তালিকায় নাম আছে মোট ১৩১ জনের। বেশ কয়েকজন বিধায়কও বাদ পড়েছেন। কিছুদিনের মধ্যে বেরবে দ্বিতীয় তালিকা । সেই তালিকায় কে কে স্থান পান, সেদিকে লক্ষ রাখছেন সবাই । কারণ তার পরে বিজেপির আরও কয়েকজন নেতা-মন্ত্রী বিদ্রোহ করতে পারেন বলে পর্যবেক্ষকদের ধারণা ।