দিদির স্নেহ অটুট, সব্যসাচীকে ঘরে ডেকে বুঝিয়ে দিলেন মমতা
দ্য ওয়াল ব্যুরো: বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) আগের ঘোষণা মতোই তৃণমূলে ফিরলেন। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আদি দলে ফিরলেন সব্যসাচী। আগেই ঠিক ছিল, এদি
শেষ আপডেট: 7 October 2021 09:49
দ্য ওয়াল ব্যুরো: বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) আগের ঘোষণা মতোই তৃণমূলে ফিরলেন। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আদি দলে ফিরলেন সব্যসাচী। আগেই ঠিক ছিল, এদিনই ‘ঘর ওয়াপসি’ হবে তাঁর।
একুশের বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সব্যসাচী। কারণ তিনি মেয়র পদ ছেড়ে দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহর হাত ধরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে দীর্ঘদিন কোনও দলীয় কর্মসুচীতে দেখা যায়নি তাঁকে।
উল্লেখ্য, একমাত্র মুকুল রায়ের ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। বাকি দলবদলু নেতাদের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলীয় কোনও নেতার উপস্থিতিতে দলে ফেরানোর কাজ হয়েছে। কিন্তু সব্যসাচী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলে যোগ দিলেন। বিষয়টিকে সব্যসাচীর প্রতি বাড়তি গুরুত্ব হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
তবে তৃণমূলে সব্যসাচীকে কী দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ত্রিপুরায় কাজ করবেন তিনি। কারণ তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা। এবং সেখানে কাজের অভিজ্ঞতা রয়েছে সব্যসাচীর।
২০১৯ সালের পুজোর মুখেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন সব্যসাচী। ২০২০ সালেও এক বার তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছিল। এখন পুজোর মরসুমে সেই একই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছিল। বৃহস্পতিবার তা স্পষ্ট হয়ে যায়। ‘দিদি’র হাত ধরে এদির ‘ঘর ওয়াপসি’ হল সব্যসাচীর।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'