
তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত সবং
শেষ আপডেট: 14 June 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ফের উত্তপ্ত সবং! এবার তৃণমূল কার্যালয়ে থাকা দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের লোকপিঠ এলাকায়। তৃণমূলের অভিযোগ, গতকাল দলীয় কার্যালয়ে আলোচনা সেরে তৃণমূল কর্মীরা বাড়ি ফিরে যান। এদিন সকালে কার্যালয়ে এসে দেখতে পান, গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে। গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল।
তৃণমূলের ব্লক সভাপতি আবু কালাম বক্স অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে বিষ্ণুপুর অঞ্চলের লোকপিঠ এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পার্টি অফিসের ভিতরে থাকা বেশ কিছু চেয়ারও ভাঙচুর করে পতাকা পুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও সবং থানার পুলিশ।
বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে সবংয়ের বিজেপির মণ্ডল সভাপতি অজিত দত্তগুপ্ত বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি হিংসায় বিশ্বাসী নয়। তৃণমূল বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যে অভিযোগ করছে।"