
শেষ আপডেট: 26 September 2023 17:15
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিশ্ব মঞ্চে দেশের 'ভারত' নামটিও তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ পরিষদের ভাষণে আজ শুরুতে জয়শঙ্কর বিভিন্ন দেশের প্রতিনিধিদের অভিবাদন জানাতে গিয়ে বলেন, 'নমস্তে ফ্রম ভারত (Bharat)।'
এই মাসের গোড়ায় জি ২০ সম্মেলনে দেশের 'ভারত' নামটি সরকারিভাবে ব্যবহারের উদ্যোগ নেয় নরেন্দ্র মোদী সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে নৈশভোজের আমন্ত্রণ পত্রে লেখা ছিল 'প্রেসিডেন্ট অফ ভারত'। সম্মেলনে প্রধানমন্ত্রীর টেবিলের সামনে নেম প্লেটে লেখা ছিল 'প্রাইম মিনিস্টার অফ ভারত'। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী আগাগোড়া হিন্দিতে ভাষণ দিয়েছেন। ফলে দেশের নাম 'ভারত' বলেই উল্লেখ করেছেন তিনি।
তবে সেটা ছিল ২০টি দেশের সম্মেলন। মঙ্গলবার বিদেশমন্ত্রী 'ভারত' নামটি তুলে ধরলেন রাষ্ট্রসংঘের মঞ্চে, যা আগে কখনও হয়নি। যা থেকে মনে করা হচ্ছে, মোদী সরকার 'ইন্ডিয়া' নাম রেখেই আপাতত 'ভারত'-এর ব্যবহার বাড়াতে চাইছে। জয়শঙ্কর আজ 'ভারত' নামটি ব্যবহারের পাশাপাশি দেশের প্রাচীন ইতিহাস, ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
ট্রুডোর অভিযোগের জবাবে ভারতের পাশে শ্রীলঙ্কা, কী বলেছেন দ্বীপরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী