
শেষ আপডেট: 4 June 2023 07:24
দ্য ওয়াল ব্যুরো: 'পিচ থেকে সোজা বিয়ের মণ্ডপে…', সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড ও উৎকর্ষা পাওয়ার (Ruturaj Gaikwad and Utkarsha Pawar wedding)। শনিবারই বিয়ে সেরেছেন তাঁরা। তারপরই নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চেন্নাই সুপার কিংসের ওপেনার।
ঋতুরাজ যে বিয়ে করছেন, সেই খবর দিন কয়েক ধরেই চর্চায় রয়েছে। যখন প্রথম তাঁর বিয়ের খবর সামনে আসে, তখন থেকেই পাত্রী কে, সেই নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসান নিজেই ঘটান ক্রিকেটার। প্রকাশ্যে আনেন নিজের প্রেমিকার ছবি। জানা যায়, প্রেমিকা উৎকর্ষাকে জুনেই বিয়ে করবেন তিনি।
আশ্চর্যের বিষয় হল, নিজের জন্য ক্রিকেটার স্ত্রীই বেছে নিয়েছেন ঋতুরাজ। উৎকর্ষা মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন বেশ কয়েকবছর। যদিও এখন ক্রিকেটের মাঠ থেকে অনেকটাই দূরে বর্তমানে একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঋতুরাজ। কিন্তু বিয়ের জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন করেন তিনি। ছুটি পেয়েই শুরু করে দেন বিয়ের তোড়জোড়। অবশেষে শনিবার সেই বিয়ে সম্পন্ন হয়। নিজের সোশ্যাল মিডিয়া সেই খবর জানান ঋতুরাজ নিজেই। সেখানে লেখেন, 'পিচ থেকে বিয়ের মণ্ডপে। আমাদের নতুন যাত্রার সূচনা হল'। ইভেন্ট প্ল্যানার থেকে শুরু করে বিয়ের যাবতীয় খুঁটিনাটি তথ্য জানান ঋতুরাজ।
ঋতুরাজ ও উৎকর্ষার প্রেমের গল্প বেড়ে ওঠে সকলের আড়ালে আবডালেই। নিজেদের সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন তাঁরা।
সদ্য সমাপ্ত আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে উৎকর্ষাকে বেশ কয়েকবার গ্যালারিতে দেখা গেছে। গলা ফাটিয়েছেন ঋতুরাজের জন্য। ফাইনালেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এসেছিলেন তিনি। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেন উৎকর্ষা। ছবিও তোলেন মাহির সঙ্গে।
ধোনির হাঁটুতে চোট, পরের আইপিএলে ফিরতে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন ক্যাপ্টেন কুল