
শেষ আপডেট: 7 June 2022 06:20
দ্য ওয়াল ব্যুরো: মিও আমোরে’র পর এবার ‘ভূতের রাজা দিল বর’। শহরের আরও এক জনপ্রিয় সংস্থা রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) গান বন্ধ করে দেওয়া হল। রেস্তোরাঁর বাইরে নোটিস সেঁটে দিয়ে ‘ভূতের রাজা দিল বর’ থেকে জানানো হয়েছে এবার থেকে সেখানে আর রূপঙ্কর বাগচীর গান বাজানো হবে না। জনরোষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুরারোগ্য ব্যাধিতে ১০ বছরের মেয়ের মৃত্যু, এসএসকেএমে দেহ দান করল পরিবার
উল্লেখ্য, যাদবপুরের এই রেস্তোরাঁ বাঙালি খাবারদাবারের জন্য বিখ্যাত। বাংলা গান বাজানো হয় সেখানে। অন্যান্য গায়কদের মতো রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) জনপ্রিয় গানগুলিও এই রেস্তোরাঁর গানের তালিকায় ছিল। বেছে বেছে সেখান থেকে রূপঙ্করের গানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘ভূতের রাজা দিল বর’। নোটিসে তারা লিখেছে, জনস্বার্থ এবং জনরোষের কথা মাথায় রেখে আমরা রূপঙ্কর বাগচীর গান না বাজানোর সিদ্ধান্ত নিলাম। আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী।
বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে কলকাতায় গাইতে এসে অকালে চলে গেছেন চিরঘুমের দেশে। কেকে-র এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেছে রূপঙ্কর বাগচীর (Rupankar Bagch) নাম। রূপঙ্কর সেদিনই একটি ভিডিও বার্তায় বলেছিলেন কেকে-কে তিনি চেনেনই না, তাঁর চেয়ে ভাল গান করেন বাংলার শিল্পীরা। এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে, তারপরেই আসে কেকে-র মৃত্যু সংবাদ। ফলে জনতার দরবারে ভিলেন হয়ে পড়েছেন রূপঙ্কর।
যদিও ওই মন্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চেয়ে নিয়েছেন রূপঙ্কর। কিন্তু তাতে সমালোচনা থামেনি।
জনপ্রিয় কেক প্রস্তুতকারক সংস্থা মিও আমোরে’র থিম সং গেয়েছেন রূপঙ্কর বাগচী। কেকে পর্বের পর মিও আমোরে রূপঙ্করের গাওয়া সেই গান বাতিল করে দিয়েছে। রূপঙ্করের সঙ্গে চুক্তিও বাতিল হয়ে গেছে তাদের। এবার একই পথে হাঁটল ‘ভূতের রাজা দিল বর’।