বোমা বিস্ফোরণে ঘটনায় তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়ে পড়ায় ব্যারাকপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে এদিন টিটাগরে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়।

শেষ আপডেট: 22 May 2025 15:27
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের জমানায় এমএলএ শব্দের মানে বদলে গেছে বলে কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বৃহস্পতিবার টিটাগড়ে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। এখানেই তিনি বলেন, "যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক,সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলে চাকরি করছেন। তাদের দেখিয়ে ভোটে জিতছে তৃণমূল। এরপর যারা তোলাবাজি করতে রাজি হন না বেশি কান্নাকাটি করেন তাদের ১০-২০ লাখ টাকা দিয়ে দেওয়া হয়। আসলে তৃণমূল এমএলএ শব্দের মানে বদলে মানি লুটিংএজেন্ট করে দিয়েছে।"
সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের ফ্ল্যাটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরেই কাউন্সিলরের ফ্ল্যাটে বোমা মজুত রাখার অভিযোগে ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলর সহ তিনজনকে।
বোমা বিস্ফোরণে ঘটনায় তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়ে পড়ায় ব্যারাকপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে এদিন টিটাগরে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা রুদ্রনীল। টিটাগড়ে এই আরমান মণ্ডলকে কাউন্সিলরের টিকিট দেওয়ার জন্য বিধায়ক রাজ চক্রবর্তীকে কাঠগড়ায় তোলা হচ্ছে। এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষের দাবি, "ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার বন্ধু। আর বাংলা চলচিত্র জগতে যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলে চাকরি করছেন।"
তার আরও দাবি, "চলচিত্র জগতে যে সমস্ত বন্ধুরা তৃণমূলের সাংসদ বিধায়ক হয়েছেন তারা কেউ তৃণমূলকে চায় না কিন্তু এই দলটা ছাড়লে তারা বেঁচে থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে।" সিনেমা জগতে বন্ধুদের তৃণমূল থেকে সরে আসারও আবেদন করেন তিনি। তাঁর মতে, তৃণমূলে থাকলে সাধারণ মানুষের ঘৃণার পাত্র হতে হবে।