দ্য ওয়াল ব্যুরো: প্রতারণা খোদ রামের ঘরে! চেক জালিয়াতি করে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা গায়েব করল প্রতারকের গ্যাং! রামমন্দির নির্মাণের জন্য টাকা জমা ছিল ওই অ্যাকাউন্টে। কী ভাবে অত টাকার চেক জাল হল এবং সে জাল চেকে টাকাও তোলা গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অযোধ্যার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল দীপক কুমার জানিয়েছেন, ব্যাঙ্ক মারফত তাঁরা জানতে পেরেছেন, আড়াই লক্ষ এবং সাড়ে তিন লক্ষ টাকার দুটি চেক ভাঙানো হয় ওই অ্যাকাউন্টে। রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পট রাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ডিআইজি আরও জানিয়েছেন, মন্দির কমিটির তরফে নিশ্চিত করা হয়েছে, যে সিরিয়াল নম্বরের চেক দুটি ভাঙিয়ে ওই টাকা তোলা হয়েছে ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে, সেই নম্বরের আসল চেক দুটি কমিটির কাছেই আছে।
বুধবার বিকেলে সম্পাদক চম্পট রাই ব্যাঙ্কের তরফে হঠাৎই একটি ভেরিফিকেশন ফোনকল পান, যে ফোনকলে তাঁকে জানানো হয়, মন্দিরের অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ ৮৬ হাজার টাকা তোলা হচ্ছে বলে। শুনেই আঁতকে ওঠেন তিনি, ব্যাঙ্ককে জানিয়ে দেন চেক ক্লিয়ার না করতে, কারণ তাঁরা এ টাকা তুলছেন না। এর পরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ এর আগের দুটি ট্রানজ্যাকশনের ব্যাপারে জানান, যাতে সেপ্টেম্বরের ১ ও ৩ তারিখে আড়াই লাখ ও সাড়ে তিন লাখ টাকা তোলা হয়েছিল। তখনই স্পষ্ট হয় জালিয়াতি।
ডিআইজি জানিয়েছেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। এমনকি কোনও ব্যাঙ্ককর্মী এই জালিয়াতিতে যুক্ত রয়েছেন কিনা, সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারণ চেকের নির্দিষ্ট সিরিয়াল নম্বর গ্রাহক ছাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেই থাকার কথা। সেই নম্বর জেনেই চেক ক্লোন করা সম্ভব। ক্লোন করা সেই চেকে চম্পট রাই এবং ট্রাস্টের আর এক সদস্যের সই-ও ছিল।
জানা গেছে, রাম মন্দিরের অ্যাকাউন্ট থেকে জাল চেক দুটি ভাঙিয়ে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টটি সম্পর্কে খতিয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।
বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, এটা মারাত্মক একটা কাণ্ড, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। গত বছরে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেই রাম মন্দির বানানোর সিদ্ধান্ত হয় এবং মন্দির নির্মাণের একটি ট্রাস্ট কমিটি গড়া হয়।