
ছবি পোস্ট করেছে পূর্ব রেল
শেষ আপডেট: 4 April 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: 'নানহে ফরিস্তে' অভিযানে ৯৬৭ জন শিশুকে উদ্ধার করতে পেরেছে রেল পুলিশ। পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে এই শিশুদের উদ্ধার করেছে আরপিএফ।
বুধবার রেলের তরফে রিপোর্ট পেশ করে জানানো হয়েছে যে, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত 'নানহে ফারিস্তে' নামক অভিযান চালিয়ে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে ৯৬৭ জন শিশুকে উদ্ধার করেছে আরপিএফ।
এই অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে। স্টেশন চত্বর থেকে উদ্ধার করা শিশুদের জেলা ভিত্তিক শিশুকল্যাণ কমিটির কাছে তুলে দেওয়া হয়। তারপর সেখান থেকে তদন্ত করে, বিভিন্ন তথ্যপ্রমাণ মোতাবেক সন্তানদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তেমনটা না হলে হোমে পাঠানোর ব্যবস্থা করে
পথশিশু তো বটেই, এই অভিযানে মানসিক ভারসাম্যহীন কিংবা বিশেষভাবে সক্ষম, অপহৃত কিংবা পাচার হয়ে যাওয়া শিশু এবং নিখোঁজ শিশুদের উদ্ধার করা হয়।
গত বছর ৬৪২ জন ছেলে এবং ৩২৫ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে হাওড়া ডিভিশন থেকে ৩২৯ জন ছেলে এবং ১৪০ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে।
শিয়ালদা ডিভিশন থেকে উদ্ধার হয় ৫৩ জন ছেলে এবং ৪৪ জন মেয়ে। আসানসোল ডিভিশন থেকে উদ্ধার হয়েছে ১১৭ জন ছেলে এবং ৬৫ জন মেয়ে। আর মালদহ থেকে যথাক্রমে ১৪৩ জন এবং ৭৬ জন ছেলে-মেয়েকে উদ্ধার করেছে আরপিএফ।